বিচার বিভাগ এখনো নির্বাহী বিভাগের অধীন: মাহবুব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, কাগজে-কলমে বিচার বিভাগ পৃথক করা হলেও বাস্তবে বিচার বিভাগ এখনো নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে।বিচার বিভাগ পৃথক করার চার বছর পূর্তি উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহবুব হোসেন এ কথা বলেন। তিনি দেশের ও ন্যায়বিচারের স্বার্থে বিচারক নিয়োগের ক্ষেত্রে নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান।খন্দকার মাহবুব বলেন, ‘আমরা মনে করি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা হলেও জনগণের উপকার হয়নি। নিম্ন আদালতের বিচারকেরা এখনো আইন মন্ত্রণালয়ের অধীনে।’সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই নেতা বলেন, ‘বিচার বিভাগ আলাদা করার পর নিম্ন আদালতের বিচারক নিয়োগ, তাঁদের বিচারিক কার্যক্রম পর্যালোচনা, পদায়ন, বদলি—সবকিছু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হওয়ার কথা ছিল। কিন্তু এই বিশাল দায়িত্ব পালনে যে অবকাঠামো, জনবল ও অর্থ দরকার ছিল, তার কোনোটিই দেওয়া হয়নি। আমরা সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় দেওয়ার কথা বলেছিলাম। মাসদার হোসেন মামলার রায়ে ১২টি নির্দেশনা ছিল, তার কোনোটাই পূরণ করা হয়নি।’মাহবুব অভিযোগ করেন, আত্মীয়তা ও ঘনিষ্ঠতার খাতিরে এবং রাজনৈতিক বিবেচনায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ করা হচ্ছে। বর্তমান সরকার ৫২ জন বিচারপতি নিয়োগ দিয়েছে। হিসাব করলে দেখা যাবে, মামলার নিষ্পত্তি আগের অবস্থায় রয়ে গেছে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক এম বদরুদ্দোজা উপস্থিত ছিলেন।