বিচার বিভাগ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরেন্দ্র কুমার সিনহা
সুরেন্দ্র কুমার সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদপত্র সরকার ও বিরোধী দলের পথনির্দেশনা তৈরি করে দেয়। আর বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতেও সাংবাদিকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ জন্য বিচার বিভাগ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক অত্যাবশ্যক।
গতকাল বুধবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে ‘প্রতিদিনের সংবাদ’ নামের একটি দৈনিকের নবযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রে ক্রমাগত উগ্রতা ও অসহিষ্ণুতা ছড়িয়ে পড়ছে মন্তব্য করে প্রধান বিচারপতি বলেন, মানুষের মধ্যে সহিষ্ণুভাব আশ্চর্যজনকভাবে লোপ পাচ্ছে। এই উগ্রতা ও অসহিষ্ণুতা মোকাবিলায় মানুষকেই এগিয়ে আসতে হবে। সন্ত্রাসবাদ জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক সমৃদ্ধি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
প্রধান বিচারপতি বলেন, সংবাদপত্র স্বাধীনভাবে কাজ করবে। এর অর্থ সবকিছু রিপোর্টিং করার স্বাধীনতা নয়। জনস্বার্থের বিষয়গুলো গুরুত্ব সহকারে তুলে ধরাই প্রকৃতপক্ষে স্বাধীনতার লক্ষ্য হওয়া বাঞ্ছনীয়।
নারী ও শিশু অধিকার প্রসঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, নারী ও শিশু অধিকার এবং মানবাধিকার বিষয়ে আমাদের সমাজ তথা রাষ্ট্র এখনো যথেষ্ট যত্নবান নয়। ফলে অহরহ নারী অধিকার ও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একটি সভ্য সমাজে যা কোনোভাবেই কাম্য নয়। নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে এলেও এখনো বহু ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। রাষ্ট্রে সমতা বিধানে নারীর সম-অধিকার প্রতিষ্ঠা করতেই হবে।
প্রধান বিচারপতি বলেন, গণমাধ্যম বিচার বিভাগের কার্যক্রম বিষয়ে সময়োপযোগী সংবাদ প্রকাশের মাধ্যমে নিরন্তর সহযোগিতা করে বিচার বিভাগের যুগান্তকারী সংস্কারসাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সংবাদপত্র তথা সাংবাদিক সমাজ অত্যন্ত জোরালো ভূমিকা রাখতে পারে।
ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া তাঁর বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রকাশক সাংসদ তাজুল ইসলাম ও সম্পাদক আবু সাঈদ খান।