বিচার বিভাগ ডিজিটালাইজেশন প্রক্রিয়া শুরু

সিলেট থেকে শুরু হয়েছে বিচার বিভাগ ডিজিটালাইজেশন প্রক্রিয়া। আজ বুধবার দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালতে ‘ডিজিটালাইজড উইটনেস ডিপোজিশন সিস্টেম’ নামের এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ পদ্ধতিতে সাক্ষ্য গ্রহণ চলাকালে সাক্ষীর দেওয়া সাক্ষ্য সংশ্লিষ্ট দপ্তরে কম্পিউটারাইজ পদ্ধতিতে তাৎক্ষণিক সংরক্ষণ করা হবে।
জেলা বার হলে সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ইমান আলী, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রবার্ট ওয়াটকিনস।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধান বিচারপতি বলেন, ‘ঔপনিবেশিক আমলের আইন দিয়ে আমাদের দেশে এখনো বিচার কার্যক্রম চলছে। বিচার বিভাগ ডিজিটালাইজেশনের পাশাপাশি যুগোপযোগী আইন প্রয়োগও দরকার।’ তিনি বলেন, ‘আজ সিলেট থেকে ডিজিটাল প্রক্রিয়া শুরু হলো। পর্যায়ক্রমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনাসহ অন্যান্য বিভাগীয় শহরে এ পদ্ধতি চালু করা হবে।’
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, ‘আমাদের দেশের মিডিয়া আজকে যথেষ্ট স্বাধীনতা লাভ করেছে। মিডিয়াতে রাতে টকশোসহ অন্য আলোচনা হয়। কিছু কিছু প্রিন্ট মিডিয়াতে বিচার বিভাগ নিয়ে আলোচনা হয়। সবাইকে বলতে চাই যে আমাদের মিডিয়া বা আমাদের লিবার্টি আছে। বেশি স্বাধীনতা বাংলাদেশ কিংবা বিশ্বের কোনো দেশের জনগণের জন্যই মঙ্গল বয়ে আনে না।’
দেশকে ই-জাস্টিস সিস্টেমে নিয়ে যাওয়ার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সকলে যেন বিচার পায়—এটাই আমাদের মূল লক্ষ্য। ডিজিটালাইজেশনের মাধ্যমে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত হবে। আমরা অচিরেই সারা দেশকে ই-জাস্টিস সিস্টেমে নিয়ে যেতে চাই। এ জন্য বিদ্যুৎ খাতের উন্নয়ন চলছে। ২০১৮ সালের পর দেশে বিদ্যুতের কোনো ঘাটতি থাকবে না।’
আইনমন্ত্রী বলেন, ‘দেশে বিচার বিভাগে ডিজিটালাইজেশনের নতুন প্রক্রিয়া শুরু হলো। এর মাধ্যমে সময়, শ্রম ও খরচ সাশ্রয় হবে। পাশাপাশি বিচার কার্যক্রমেও স্বচ্ছতা নিশ্চিত হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেটের সরকারি কৌঁসুলি মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা বারের সভাপতি এ কে এম শমিউল আলম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সুপ্রিম কোর্টের সহযোগিতায় ইউএনডিপির অর্থায়নে জুডিশিয়াল স্ট্রেনথেনিং প্রকল্পের (জাস্ট) আওতায় সিলেটের ৪০টির মধ্যে ২০টি আদালত কক্ষে সাক্ষ্যগ্রহণ ও জেরায় আধুনিক এ প্রযুক্তির ব্যবহার বাংলাদেশে প্রথম।