বিচার বিভাগ দলীয়করণ করে সরকার মানুষের অধিকার হরণ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সরকার বিচার বিভাগকে দলীয়করণ করে সাধারণ মানুষের অধিকার হরণ করছে। গণহুলিয়া জারি করে গৃহছাড়া করেছে প্রায় ৫০ হাজার নাগরিককে। যুক্তরাজ্য সফরের পঞ্চম দিনে গতকাল বুধবার দুপুরে হাউস অব কমন্সে অল পার্টি পার্লামেন্টেরিয়ান গ্রুপের (এপিপিজি) মানবাধিকারবিষয়ক শাখার ভাইস চেয়ারম্যান লর্ড এভবারির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।বৈঠক শেষে খালেদা জিয়ার সফরসঙ্গীরা জানান, আলোচনাকালে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো গুরুত্ব পায়। খালেদা জিয়া এভবারিকে জানান, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি বিএনপি সমর্থন করে। কিন্তু বিচারপ্রক্রিয়া দ্রুত শুরু করে যারা এ অপরাধের সঙ্গে জড়িত নয়, তাদের ছেড়ে দেওয়া উচিত।খালেদা জিয়া আরও বলেন, সরকার একটি সেফ হোম তৈরি করেছে। সেখানে রিমান্ডের নামে সাধারণ মানুষকে নির্যাতন করা হচ্ছে। এর একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, যেমন—তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে। আরও একটি বিষয়ে গুরুত্ব দেন খালেদা জিয়া। তিনি জানান, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে। তিনি রাজনৈতিক হয়রানির শিকার।এসব বিষয়ে এভবারি বিএনপি চেয়ারপারসনকে বাংলাদেশের প্রচলিত আইন অনুসরণ করার পরামর্শ দেন। তবে বিষয়গুলো ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের নজরে আনা হবে বলে জানান তিনি।এরপর দুপুর দেড়টার দিকে খলেদা জিয়া ব্রিটিশ এমপি রিচার্ড ফুলারের সঙ্গে বৈঠক করেন। পরে কনজারভেটিভ পার্টির কো-চেয়ারম্যান ব্যারোনেস সাইয়েদা ওয়ার্সির সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন।আজ এপিপিজির সঙ্গে খালেদা জিয়ার একটি বৈঠক হওয়ার কথা।