বিচার বিভাগ নিয়ে আলোচনা সংসদের 'এখতিয়ারবহির্ভূত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ নিয়ে জাতীয় সংসদে আলোচনা ‘এখতিয়ারবহির্ভূত’ বলে মন্তব্য করেছেন কয়েকজন বিশিষ্ট নাগরিক ও আইন বিশেষজ্ঞ। তাঁরা বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের পর উচ্চ আদালতের সমালোচনা করে সাংসদেরা সংসদের আইন ভঙ্গ করেছেন। এটি করে তাঁরা সংসদেরও মর্যাদা ক্ষুণ্ন করেছেন।

গতকাল মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে এক গোলটেবিল আলোচনায় বিশিষ্ট নাগরিকেরা ওই মন্তব্য করে কথাগুলো বলেন। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) এর আয়োজন করে।

সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংসদের কার্যপ্রণালি বিধির ৫৩, ৬৩ ও ১৩৩ ধারায় বলা আছে, রাষ্ট্রপতি ও বিচার বিভাগ নিয়ে সংসদে আলোচনা করা যাবে না। এই বিধি সংসদ প্রণীত একটি আইন।

শাহদীন মালিক বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের পর উচ্চ আদালত নিয়ে সংসদে যে আলোচনা হয়েছে, এ ধরনের আলোচনার এখতিয়ার সাংসদদের নেই। আমি পরামর্শ দেব, সাংসদেরা যেন ইউটিউব থেকে ডাউনলোড করে সেদিনের আলোচনা দেখেন। তাহলে বোধ হয় তাঁদের একটা উপলব্ধি হবে। কেউ যদি মনে করে, উন্নতির পথে বিচার বিভাগ বাধা হচ্ছে, নইলে এগিয়ে যেতাম, এ ধরনের চিন্তা ভয়াবহ। এটা কর্তৃত্ববাদী সমাজের বড় নিদর্শন।’

সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান বলেন, ‘রাজনৈতিক অঙ্গীকার না আসা পর্যন্ত বিচার বিভাগের স্বাধীনতা হবে না। যতক্ষণ এই অঙ্গীকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ আমাদের এ ধরনের সভা করতে হবে।’

পরিবেশবাদী আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, ‘স্বাধীন দেশে আমজনতা থেকে বিচার বিভাগ সকলেই মনে করে, তাদের স্বাধীনতা খর্ব হচ্ছে। কেউই আমরা স্বাধীন নই।’

অধ্যাপক আসিফ নজরুল বলেন, উচ্চ আদালত বিচার বিভাগের রক্ষার জন্য ষোড়শ সংশোধনী বাতিল করে দিয়ে খুবই পবিত্র এবং ভালো কাজ করেছে। তিনি বলেন, ‘আমার প্রস্তাব হচ্ছে বিচারকদের অপসারণ সংসদের ভোটাভুটির মাধ্যমেই হবে। তবে বিচারকদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে, সেটা তদন্ত করবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।’

লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘আমরা সব সময় বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি। এর কোনো বিকল্প নেই। কিন্তু সবচেয়ে বেশি দরকার বিচার বিভাগের সম্মান এবং মর্যাদা রক্ষা করা।’

জাতীয় সংসদে আদালতকে কটাক্ষ করে আলোচনার উল্লেখ করে অধ্যাপক সি আর আবরার বলেন, ‘রায়ের পর সংসদের আলোচনা শুনে আমি উদ্বিগ্ন এবং শঙ্কিত। নিকৃষ্ট ব্যক্তিগত আক্রমণ হয়েছে। কেউ যদি সংসদের মর্যাদা ক্ষুণ্ন করে থাকে, তাহলে এই সাংসদেরাই করেছেন।’

সি আর আবরার বলেন, ‘সাংসদেরা বলেছেন সংসদ নাকি সার্বভৌম। আমি বুঝি না সংসদ কীভাবে সার্বভৌম হয়। সার্বভৌম হলো জনগণ। অন্য কেউ জনগণের ওপর ছড়ি ঘোরাতে পারবে না।’

গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য দেন বিচারপতি এবাদুল হক, আইনজীবী সুব্রত চৌধুরী, জ্যোতির্ময় বড়ুয়া, হাসান তারিক চৌধুরী প্রমুখ।