বিচার বিভাগ নিয়ে কটূক্তি না করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিচার বিভাগ নিয়ে কটূক্তি করা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছে চট্টগ্রামে আইনজীবীদের সংগঠন সমমনা আইনজীবী সংসদ। গতকাল বুধবার বিভিন্ন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, সংবিধানের আলোকে আইনি আলোচনা-পর্যালোচনা সবাইকে সমৃদ্ধ করে, সেটিই হওয়া উচিত। কিন্তু কিছুদিন ধরে রাষ্ট্র, রাজনীতি ও সমাজের বিভিন্ন পর্যায় থেকে কিছু কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে রায়ের পর্যালোচনা-সমালোচনার কথা বলে যেভাবে সমগ্র বিচার বিভাগ বিশেষ করে দেশের সর্বোচ্চ আদালত এবং মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে সরাসরি কটাক্ষ করে বক্তব্য প্রচার করা হচ্ছে তা কি অভিপ্রেত?

বিবৃতিতে বলা হয়, আপিল বিভাগের সিদ্ধান্তের কোনো বিষয়ে কেউ যদি নিজেদের ক্ষতিগ্রস্ত মনে করেন তখন তিনি বা তাঁরা এ বিষয়ে আইনি পদক্ষেপ হিসেবে রিভিউর আবেদন করতে পারেন। এরপর চূড়ান্ত বিচারে সিদ্ধান্ত যা হবে তা সবার মেনে নেওয়া উচিত। এর বাইরে গিয়ে ব্যক্তি বিচারক বা বিচার বিভাগ নিয়ে কটূক্তি বা বিতণ্ডা থেকে সবাইকে বিরত থাকতে সবিনয় অনুরোধ করা হচ্ছে।

বিবৃতিদাতারা হলেন, সমমনার সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি