বিচার বিভাগ স্বাধীন থাকলে সব চুক্তি অবৈধ ঘোষিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেছেন, ‘দেশে আইনি প্রক্রিয়া যদি ঠিকমতো থাকে, বিচারব্যবস্থা ঠিকমতো থাকে, বিচারব্যবস্থার ন্যূনতম স্বাধীনতা যদি থাকে, তাহলে বাংলাদেশের বিভিন্ন ধরনের চুক্তি যেমন গ্যাস চুক্তি, বিদ্যুতের চুক্তি, রপ্তানি চুক্তি, বন্দর চুক্তি, পারমাণবিক বিদ্যুতের চুক্তি অবৈধ ঘোষিত হবে।’

ফুলবাড়ী দিবস উপলক্ষে গতকাল শনিবার দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আনু মুহাম্মদ এ কথা বলেন। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখা এ আয়োজন করে।

নাইকোর সঙ্গে গ্যাস চুক্তি অবৈধ এবং সুন্দরবনের ১০ কিলোমিটারের মধ্যে বাণিজ্যিক স্থাপনা নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রসঙ্গ তুলে আনু মুহাম্মদ আরও বলেন, গ্যাস রপ্তানি না করে উত্তরবঙ্গে সরবরাহ করলে আজ এশিয়া অ্যানার্জির মতো কোনো চুক্তি করতে হতো না। ফুলবাড়ী আন্দোলন না হলে আজ উত্তরবঙ্গ মরুভূমি হয়ে যেত।

দ্রুত ৬ দফা চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়ে তেল-গ্যাস রক্ষা কমিটির ফুলবাড়ী শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হামিদুল হক আগামী ১১ অক্টোবর ফুলবাড়ী উপজেলা পরিষদে সমাবেশ, অবস্থান ও স্মারকলিপি পেশের ঘোষণা দেন। দাবি না মানলে ১৪ নভেম্বর  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানসহ পরবর্তী সময়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন তিনি।