বিচার বিভাগকে কলুষমুক্ত করতেই সংশোধনী: নাসিম
স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিচার বিভাগকে কলুষমুক্ত করতেই সংবিধানের ষোড়শ সংশোধনী করা হয়েছে। দু-একজন বিচারকের অনৈতিক কর্মকাণ্ডের দায়ে সব বিচারক অসম্মানিত হতে পারেন না। তাই সংবিধান সংশোধন করে বিচারপতি অভিশংসনের আইন সংসদে আনা হয়েছে।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় আন্তর্জাতিক হোমিওপ্যাথি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এসব কথা বলেন। খবর বাসসের।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড ও এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান দিলীপ কুমার রায়।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম. বদরুদ্দোজা, এশিয়ান হোমিওপ্যাথিক মেডিকেল লীগের ভাইস প্রেসিডেন্ট এম এ কাদের, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, পৃথিবীর সব গণতান্ত্রিক দেশে এ আইন রয়েছে। সরকার গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় বিচার অঙ্গনকে কলুষমুক্ত রাখতে চায়। সংবিধানের ষোড়শ সংশোধনী কোনো মার্শাল ল’ দ্বারা হয়নি। নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে এ সংশোধনী আনা হয়েছে।
হোমিওপ্যাথিক চিকিৎসকদের উদ্দেশ্য স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের অনেক সুযোগ দিয়েছে সরকার। অনেক ক্ষেত্রে আপনারা এগিয়ে আছেন। আপনাদের কাজ হচ্ছে স্বল্প মূল্যে মানুষকে সেবা দেওয়া। এ চিকিৎসায় দেশজ উপাদান ব্যবহার করা হয়। আমি আপনাদের সঙ্গে বসে, আপনাদের আরও যে সকল সমস্যা রয়েছে তা সমাধান করব।’