প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা অ্যাটর্নি জেনারেলকে বলেছেন, ‘একদিন আপনি থাকবেন না, আমি থাকব না। বিচার বিভাগ থাকবে। এই জুডিশিয়ারি সবার। জুডিশিয়ারিকে কর্নার্ড (কোণঠাসা) করে দেশের মঙ্গল হয় না।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের শুনানিতে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি এসব কথা বলেন। সময় আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল শুনানি দুই সপ্তাহ মুলতবি করেন।
প্রস্তুতির জন্য রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৪ জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায়ে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে দুই সপ্তাহের জন্য শুনানি মুলতবি করেছিলেন। এরপর গতকাল বিষয়টি ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন জানান। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী হাসান এম এস আজিম উপস্থিত ছিলেন।
পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম নিজ কার্যালয়ে সাংবাদিকদের বলেন, আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন এবং যে পর্যন্ত আবেদনের শুনানি না হয়, সে পর্যন্ত হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ভ্রাম্যমাণ আদালত চলবে। তিনি বলেন, ‘এর আগে আমাকে বলা হয়েছিল সরকারের সঙ্গে এ ব্যাপারে কথা বলার জন্য। সরকার এটি সংশোধন করার ব্যাপারে কী চিন্তাভাবনা করছে, আমি তা জানতে পারিনি। সরকারের সঙ্গে সেই সংযোগটা করতে পারিনি বলে সময় চেয়েছি।’
এর আগে সকালে শুনানিতে প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে বলেন, গত দিন (৪ জুলাই) বেলা ১১টায় আপনাকে আলোচনার জন্য দেখা করতে (প্রধান বিচারপতির সঙ্গে) বলা হয়েছিল। আপনি এলেন না। প্রশাসনের সঙ্গে সংঘাতে যেতে চাই না, অনুকূল সম্পর্ক থাকুক সেটিই চাই। প্রকাশ্য আদালতে আপনাকে আসতে বলা হলো, আপনি এলেন না।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আমি দুঃখিত, ওই আইনের বিষয়ে আলোচনার জন্য আসতে বলা হয়েছিল, তা আমি বুঝতে পারিনি।’ প্রধান বিচারপতি বলেন, আপনি হলেন ব্রিজ। এ পরিস্থিতি সমাধানের জন্য আপনি যথার্থ ব্যক্তি। এ বিষয়ে আলোচনা করার আছে বললাম, আপনি এলেন না। অ্যাটর্নি জেনারেল বলেন, দুঃখিত। সুপ্রিম কোর্টের মূল ভবনের ফাটল ও অবকাঠামোগত সমস্যার প্রসঙ্গ তুলে ধরে এরপর প্রধান বিচারপতি বলেন, ভবনে ফাটল দেখা দিয়েছে, যেকোনো সময় ভেঙে পড়বে, আমাদের ঘুম হয় না। রেকর্ড রুম ও কোর্ট রুম দরকার। অবকাঠামোর জন্য প্রস্তাব করা হলেও তা নাকচ করে দেওয়া হয়েছে। এই বিচার বিভাগ সবার। এই কোর্ট রাখতে হলে সবার দায়িত্ব আছে। এরপর অ্যাটর্নি জেনারেল বলেন, চারটায় আসি। প্রধান বিচারপতি বলেন, আসেন। পরে আদালত বলেন, দুই সপ্তাহ দেওয়া হচ্ছে।
এরপর বিকেলে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সন্ধ্যায় যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোকে বলেন, প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু বলেননি।
পৃথক রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১১ মে হাইকোর্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে রায় দেন। এ রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে ১৪ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত করে বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।