বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান তথ্য কমিশনার মো. জমির বলেছেন, বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনা উচিত। কারণ, বিচার প্রক্রিয়া কীভাবে চলছে, সাধারণ মানুষের তা জানার অধিকার রয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার টিআইবি আয়োজিত ‘তথ্য অধিকার আইন বাস্তবায়ন: প্রায়োগিক নির্দেশনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।মো. জমির বলেন, বিচার বিভাগকে তথ্য অধিকার আইনের আওতায় আনার ব্যাপারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয়গুলোতে ক্যামেরা বসানো উচিত বলে মন্তব্য করে তিনি বলেন, এতে করে স্বচ্ছতা আসবে। তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংবাদমাধ্যমের ভূমিকার সমালোচনা করেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, দেশের পত্রপত্রিকায় প্রকাশিত মোট প্রতিবেদনের মাত্র দশমিক ৪ শতাংশ প্রতিবেদন হয় তথ্য অধিকার আইন নিয়ে। ইলেকট্রনিক মাধ্যমের স্ক্রলে এই আইন সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানানো হলেও তা প্রত্যাখ্যান করা হয়। জনসচেতনতা সৃষ্টিতে সংবাদমাধ্যমগুলোর স্বতঃপ্রণোদিতভাবেই এগিয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি।তথ্য কমিশনার সাদেকা হালিম বলেন, উন্নত অনেক দেশের তুলনায় বাংলাদেশের আইন অনেক বেশি প্রগতিশীল। বাংলাদেশের আইনে ২০টি বিষয়ে তথ্য দেওয়ায় বিধিনিষেধ আছে। যুক্তরাষ্ট্রের বর্তমান আইনে ১৩২টি বিষয়ে তথ্য দিতে বিধিনিষেধ রয়েছে। তিনি জানান, জার্মানিতে আটটি বিষয়ে তথ্য দেওয়ায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে এই আটটি বিষয়ের ব্যাপ্তি অনেক। টিআইবি ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান এম হাফিজউদ্দীন খান বলেন, যুক্তরাষ্ট্র বা জার্মানির সঙ্গে বাংলাদেশের তুলনা করলে চলবে না। মার্কিন প্রেসিডেন্ট নিজেই তাঁর সম্পদের তথ্য প্রকাশ করেন। সে তথ্য জানতে আইনে প্রয়োগ করতে হয় না। কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের পরিচালক মায়া দারুওয়ালা বলেন, ভারতে সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠানগুলো গোপনীয়, অতিগোপনীয়, সংরক্ষিত বিষয়ের সংজ্ঞা জানতে চান। এতে সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে। একই ঘটনা ঘটে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। সুপ্রিম কোর্টের বিচারকেরাই রায় দেন, সর্বোচ্চ আদালতও তথ্য অধিকার আইন মেনে চলবেন।টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, স্বাধীনতার পর থেকে বেশির ভাগ সময় সরকার সিদ্ধান্ত নেওয়ার পর জনগণকে জানিয়েছে। মানুষের তথ্য জানতে চাওয়ার অধিকার ছিল না। এই আইন হওয়ার পরও তথ্য জানতে চাওয়া ও তথ্য দেওয়ায় সরকার এবং সাধারণ মানুষের দ্বিধা কাটেনি। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী তথ্য অধিকার আইনের পক্ষে কথা বলেন। কিন্তু মন্ত্রিসভার কোনো কোনো সদস্য এবং অনেক সাংসদ এর বিপক্ষে কথা বলেন। এখন পর্যন্ত সরকারি বিভিন্ন সংস্থায় তথ্য দেওয়ার দায়িত্বে আছেন মাত্র ছয় হাজার কর্মকর্তা। বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, সাবেক বিচারক ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ।