বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন না জেনে মন্ত্রণালয় সরকারের সঙ্গে দূরত্ব সৃষ্টি করছে—এ কথা উল্লেখ করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। প্রেষণে থাকা বিচারকদের বিদেশ যাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ের চিঠির প্রেক্ষাপটে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশবিষয়ক শুনানি করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সপ্তাহ সময় দেওয়া হয়।

শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সময়ের আবেদন দাখিল করেন। প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে বলেন, ‘কী?’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সময় (আবেদন)।’ প্রধান বিচারপতি বলেন, ‘কেন, কারণ কী?’ জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘প্রসেস চলছে।’ প্রধান বিচারপতি বলেন, ‘আমরা হাসব না কাঁদব? স্বাধীনতার ৪৫ বছর পার হয়ে গেছে। কিছু অনিয়ম আছে। এগুলো নিয়ে সারা জীবন নয়, চাচ্ছি একটা সিস্টেমে চলে আসতে। প্রধান বিচারপতি অনিয়ম থেকে নিয়মে আসতে গেলে বলে, গেল গেল।’

অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে প্রধান বিচারপতি বলেন, ‘আপনার মিনিস্ট্রিকে (আইন মন্ত্রণালয়) বলবেন, জেনারেল ক্লজ অ্যাক্টের সেকশন ২১ পড়তে। প্রেষণে থাকাদের মধ্যে কারা বিদেশে যায়, সুপ্রিম কোর্ট তাদের নাম জানতে চেয়েছিল। বিচারকদের ডেপুটেশনে দিয়ে নির্বাহী বিভাগের সঙ্গে সুষ্ঠুভাবে কাজ করার জন্য হাত বাড়িয়ে দিয়েছি। জেনারেল ক্লজ অ্যাক্টের সেকশন ২১ দেখেন, যদি না হয় এটা ডিলেট (মুছে) করে দেন।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা বিচার বিভাগকে বিক্ষুব্ধ করবেন না। রাষ্ট্রপতির অনুশাসন বলে নিয়মের বাইরে করবেন? রাষ্ট্রপতির কাছে কোনো ফাইল যেভাবে ইনিশিয়েট (শুরু করা) করা হয়, তাতে যদি বলা হয়, করবেন, তখন তিনি হ্যাঁ বলেন। আর না বললে তিনি না বলেন। এ কারণে বলছি, ভুল ব্যাখ্যা দেওয়া হয়। ভুল-বোঝাবুঝি যত কম হয়, ততই ভালো।’ তিনি আরও বলেন, ‘তারা যদি মনে করে সুপ্রিম কোর্টের ওপর আদেশ করবে, এটা ভুল। তারা আইন না জেনে ব্যবধান সৃষ্টি করছে। সুপ্রিম কোর্টের প্রতিটি সিদ্ধান্ত জ্যেষ্ঠ বিচারকেরা চিন্তা করে নেন। তারা (আইন মন্ত্রণালয়) যদি মনে করে যে, আইনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে দেবে, তাহলে ভুল করবে।’

প্রধান বিচারপতি বলেন, ‘আপনারা যদি আইন না জানেন, তাহলে আমাদের কাছে ব্যাখ্যা চাইবেন। বিডিআরের মামলা কোন আইনে চলবে, সেটা আমাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছিল, বলে দিয়েছি। সংবিধান অনুসারে ব্যাখ্যা দেবে সুপ্রিম কোর্ট, নির্বাহী বিভাগ নয়।’ শেষ পর্যায়ে প্রধান বিচারপতি বলেন, ‘অল্প বিদ্যা ভয়ংকর। তারা (আইন মন্ত্রণালয়) যদি আইনের ব্যাখ্যা দিয়ে বলে এটাই সঠিক, খুব ভুল হয়ে যাবে।’ ১৯৯৯ সালে আপিল বিভাগ মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেন। রায়ের আলোকে নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।