মতিঝিলের শাপলা চত্বরে ৫ মে রাতে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়ে উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি করেছে বিএনপি। অন্যথায় আন্তর্জাতিক কমিশন গঠনের জন্য বিএনপি জাতিসংঘে যাবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।
এদিকে ঢাকায় আসা জাতিসংঘের প্রতিনিধিদলের আজ শনিবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হবে। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, আগামী জাতীয় নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের অব্যাহত হস্তক্ষেপ ইত্যাদি বিষয়ে জাতিসংঘ প্রতিনিধিদলকে অবহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘৫ মে রাতে তিন ঘণ্টার বেশি সময় বিদ্যুৎ বন্ধ করে শাপলা চত্বরে অভিযান চালিয়ে সমবেত বহু মানুষকে হত্যা করা হয়েছে।’
মওদুদ বলেন, সরকারের উচিত হবে এত বড় ঘটনার বিষয়ে স্বচ্ছতা নিয়ে আসা। পুরো ঘটনায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন প্রধান বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা হোক। তিনি বলেন, ‘আর যদি সেটা না করেন, তাহলে আমরা জাতিসংঘের কাছে দাবি জানাব একটি আন্তর্জাতিক কমিশন করার জন্য। আশা করি, আপনারা সেখানে সহযোগিতা করবেন আপনাদের স্বচ্ছতা প্রমাণ করার জন্য।’
সরকারকে উদ্দেশ করে মওদুদ বলেন, ‘আপনারা দাবি করছেন, সেদিন কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয় নাই। কোনো মানুষের মৃত্যু ঘটে নাই। ১০ মিনিটের মধ্যে সবাইকে নিরাপদে সেখান থেকে বের করে দিয়েছেন। যদি কথাগুলো সত্যি হয়, তাহলে জিজ্ঞেস করতে চাই, সংবাদপত্রগুলোকে কেন সেদিন সেখানে থাকতে দিলেন না? তাহলে তো তারাই সত্যি কথাগুলো, যেগুলো আপনারা বলছেন, সেগুলো প্রকাশ করতে পারত। কেন আপনারা দুটো চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশনে আক্রমণ করে তাদের সম্প্রচার বন্ধ করে দিলেন? দেশের মানুষের মনে সাংঘাতিক সন্দেহ দেখা দিয়েছে।’