
কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলার ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় কমিটির প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে। প্রতিবেদনে ২০টি সুপারিশ এবং ঘটনার সঙ্গে জড়িত হিসেবে ২৯৮ জনকে শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি দাখিল করা হয়। আদালত ২৮ মে শুনানির দিন ধার্য করেন। সূত্রমতে, দুই খণ্ডের প্রতিবেদনে ১৪৭ জন সাক্ষীর সাক্ষ্য, ৫৬টি স্থিরচিত্র ও তথ্য-উপাত্ত রয়েছে।আদালত সূত্র জানায়, প্রতিবেদনে ফেসবুক, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যম কঠোরভাবে নিয়ন্ত্রণ, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, প্রশাসনকে শক্তিশালী করাসহ ২০টি সুপারিশ রয়েছে। প্রতিবেদনে রামু ট্র্যাজেডির মতো আর কোনো ঘটনা যেন না ঘটে, সে জন্য সরকারসহ সব বিবেকবান মানুষকে সতর্ক থাকতে অনুরোধ জানানো হয়েছে।আদালতে রিট আবেদনের পক্ষে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি উপস্থিত ছিলেন। পরে জ্যোতির্ময় বড়ুয়া প্রথম আলোকে জানান, সুপারিশ অংশে দুই শতাধিক পৃষ্ঠা রয়েছে। আর তথ্য-উপাত্ত দুই-তিন হাজার পৃষ্ঠা হতে পারে। আদালত ফটোকপির মাধ্যমে প্রতিবেদনের অনুলিপি সংগ্রহের অনুমতি দিয়েছেন। অনুলিপি হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
সহকারী অ্যাটর্নি জেনারেল কে এম মাসুদ রুমি বলেন, আদালতের আদেশ অনুসারে বিবাদীরা বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন রেজিস্ট্রার কার্যালয়ে জমা দেন। গতকাল তা আদালতে উপস্থাপন করা হয়।
গত বছরের ২৯ ও ৩০ সেপ্টেম্বর রামু উপজেলা সদরে দুষ্কৃতকারীরা শত বছরের পুরোনো ১২টি বৌদ্ধবিহার ও মন্দিরে অগ্নিসংযোগ করে। পুড়িয়ে দেয় বৌদ্ধপল্লির ৪০টির মতো বসতবাড়ি। ভাঙচুর চালায় শতাধিক বাড়িঘরে।
ওই ঘটনায় স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রামুর বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়ার করা রিটের পরিপ্রেক্ষিতে ৩ অক্টোবর হাইকোর্ট রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। নির্দেশনা অনুসারে রাষ্ট্রপক্ষ সরকারি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনে বৌদ্ধপল্লি ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগে জড়িত হিসেবে ২০৫ জনকে শনাক্ত করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওই ঘটনায় সর্বসাকল্যে আনুমানিক আট কোটি ২৯ লাখ ৬২ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি উত্তরণে ২২ দফা সুপারিশ করে ওই কমিটি।
এরপর বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে ১০ ডিসেম্বর হাইকোর্টে আবেদন করেন জ্যোতির্ময় বড়ুয়া। ১৩ ডিসেম্বর আদালত ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দেন। কমিটিতে কর্মরত বা অবসরপ্রাপ্ত দুই জেলা জজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখতে বলা হয়। কমিটিকে চলতি বছরের মার্চে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
আদালত সূত্র জানায়, পরে চট্টগ্রামের দায়রা জজ মো. আবদুল কুদ্দুস মিয়া, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক শরীফ মোস্তফা করিম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. জহুরুল ইসলাম রোহেলের সমন্বয়ে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি প্রতিবেদন দাখিল করে। এর ধারাবাহিকতায় বিষয়টি গতকাল কার্যতালিকায় আসে।