বিচার বিভাগীয় তদন্ত হলে হতাহতের তালিকা দেব: শফী

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আহমদ শফী বলেছেন, গত ৫ মে রাতে শাপলা চত্বরে যৌথবাহিনীর অভিযানে হতাহত ব্যক্তিদের তালিকা তাঁদের হাতে আছে। সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করলে ওই কমিটির হাতে শর্ত সাপেক্ষে তাঁরা তালিকাটি দিতে রাজি আছেন। আজ শুক্রবার বাদ আসর হাটহাজারী দারুল উলুম মাদ্রাসায় আয়োজিত দোয়া দিবসের অনুষ্ঠানে শফী একথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেফাজতের কেন্দ্রীয় নেতা শামসুল আলম, মাওলানা ফোরকান, মহিউদ্দিন রুহী, আহম্মদ দিদার, আনাছ মাদানী, মীর ইদরীস, নাসির উদ্দীন, মুজাম্মেল হক, জাফর আহম্মদ প্রমুখ।
শফী তাঁর বক্তব্যে বলেন, হেফাজত দেশ ও জাতির বৃহত্তর স্বার্থ চিন্তা করে ঘটনার পর অত্যন্ত দায়িত্বশীল আচরণ করে। হরতাল আহ্বান করেও তা প্রত্যাহার করে নেয়। এখনো তাঁরা বড় কোনো আন্দোলনের কর্মসূচি দেননি। ধর্মপ্রাণ মানুষ ধৈর্যধারণ করছে। তাঁরা আল্লাহর দরবারে দোয়া মোনাজাতের মধ্যেই কর্মসূচি সীমাবদ্ধ রেখেছেন।
হেফাজতের আমির ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাতি নিভিয়ে রাতের অন্ধকারে নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো পৃথিবীর ইতিহাসে আর নেই। প্রধানমন্ত্রী জাতীয় সংসদে তাঁর বক্তব্যে ৫ মে রাতে হেফাজতে ইসলামের সমাবেশে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি, হেফাজতের কর্মীরা গায়ে রং মেখে রাস্তায় পড়েছিল এবং পুলিশ টান দেওয়ার পর লাশ দৌড় মারলো—ইত্যাদি যেসব মন্তব্য করেছেন তা অসত্য, চরম বিভ্রান্তিকর। তিনি শহীদদের লাশ নিয়ে উপহাস করেছেন।’
শফী বলেন, ‘যে ইসলামকে বুকে ধারণ করে, কোরআন ও রাসুলের ইজ্জতকে রক্ষার জন্য আমরা ১৩ দফা আন্দোলনে নেমেছি, সেই ইমানি আন্দোলনকারীদের বিরুদ্ধে কোরআন পোড়ানোর মতো অপবাদ দিতেও এই সরকারের মন্ত্রী-এমপিরা দ্বিধা করেনি। যাঁরা কোরআনের সম্মান রক্ষায় জীবন দিতে পারে, তারা কোরআন পোড়াবে, এমন কথা এ দেশের ইমানদার একটি মানুষের কাছেও গ্রহণযোগ্য হবে না।’