বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী যাচ্ছেন না
২৪-২৫ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিতে অপারগতা জানিয়েছেন। ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক চিঠিতে সুপ্রিম কোর্টকে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, ওই চিঠিতে কোনো নির্দিষ্ট কারণ বলা হয়নি।
এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন গত রাতে প্রথম আলোকে বলেন, ‘কোনো পক্ষ থেকে অনুরোধ পেলে আমি এ বিষয়ে একটি উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছি।’
ওই অনুষ্ঠানে ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকেও অংশ নিতে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা আমন্ত্রণ জানিয়েছিলেন। তিনিও আসতে পারবেন না বলে জানিয়েছেন। বাংলাদেশের সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরে অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করতে সুপ্রিম কোর্ট প্রশাসনের দিক থেকে উদ্যোগ ছিল। কিন্তু তা সফল হয়নি। এবার প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিতভাবে সুপ্রিম কোর্টকে নিশ্চিত করা হয়েছিল। গত ২৯ অক্টোবর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এক পত্রে জানান, জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকতে ও বিচার বিভাগীয় বাতায়নের শুভ উদ্বোধনে সম্মতি জ্ঞাপন করেছেন। ওই পত্রে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের খসড়া, আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা, মঞ্চের আসনবিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাবলি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হয়েছিল।
গত ৮ নভেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২৪ ডিসেম্বর সম্মেলনের প্রথম দিনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরাসহ দেশের অধস্তন আদালতের সব স্তরের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানানোর ৪৫ দিন পর ১৪ ডিসেম্বর তা বাতিল করা হলো। সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আপিল বিভাগ থেকে ১২ ডিসেম্বর গেজেট প্রজ্ঞাপন জারি নিয়ে নেতিবাচক মন্তব্যের বিষয়টি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকেও আলোচিত হয়।
জানা গেছে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মঞ্চে মন্ত্রিসভা থেকে আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলককে আশা করা হয়েছিল। এর মধ্যে পরিকল্পনামন্ত্রী ওই দিন বিদেশে অবস্থানের কারণে তিনি থাকতে পারবেন না। আইনমন্ত্রী ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী মৌখিকভাবে আসবেন বলে জানিয়েছেন। তবে সূত্র নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত মন্ত্রিসভার কোনো সদস্য লিখিতভাবে তাঁদের অংশগ্রহণের কথা সুপ্রিম কোর্টকে অবহিত করেননি। বিষয়টি সম্পর্কে জানার জন্য আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে তিনি নিজে ওই সম্মেলনে অংশ নেবেন বলে জানিয়েছেন।
এর আগে বাংলাদেশের প্রধান বিচারপতি এস কে সিনহা ভারত সফরকালে তিনি ভারতীয় প্রধান বিচারপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত জলবায়ুবিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনেও তাঁকে আমন্ত্রণ জানানো হলে তিনি ডিসেম্বরে আসার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহান্তে ভারতীয় সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেল নিশ্চিত করেছেন যে ভারতের প্রধান বিচারপতির পক্ষে এ সময়ে বাংলাদেশ সফরে আসা সম্ভব নয়।