আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে মারা যাওয়া মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ মার্চ। এ মৃত্যুর ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আজও আলোর মুখ দেখেনি। গত বছর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দুজন মন্ত্রী চলেশের বাড়িতে গিয়ে কথা দিয়েছিলেন, এ হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আজ পর্যন্ত বিচার-প্রক্রিয়া শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিহত চলেশের স্বজন ও মধুপুরের আদিবাসীরা।২০০৭ সালের ১৮ মার্চ ময়মনসিংহ থেকে ফেরার পথে মুক্তাগাছার কালিবাড়ী থেকে আদিবাসী নেতা চলেশ রিছিল এবং তাঁর আত্মীয় প্রতাপ জাম্বিল, তুহিন হাদিমা ও পিরেন সিমসাংকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করেন। প্রতাপ জাম্বিল অভিযোগ করেন, তাঁদের সবাইকে সেদিন আটকের পর মধুপুরের কাকরাইদ সেনাক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলেশের ওপর শুরু হয় অমানুষিক নির্যাতন। নির্যাতনের একপর্যায়ে চলেশ মারা যান। চলেশ রিছিলের মৃত্যুতে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে সারা দেশে। এ ঘটনা তদন্তে ২০০৭ সালের ৫ মে অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রফিউদ্দিনের নেতৃত্বে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির দাবির পরিপ্রেক্ষিতে জুনের দ্বিতীয় সপ্তাহে চলেশের লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্ত করা হয়। বিচার বিভাগীয় তদন্ত কমিটি ঘটনার ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যও গ্রহণ করে। কিন্তু আজও সেই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।গত বছর চলেশের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এবং খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক চলেশের বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে এবং সেখানে আয়োজিত স্মরণসভায় বলেছিলেন, তাঁরা চলেশ হত্যার বিচারের ব্যবস্থা করবেন। মামলাটি পুলিশ যাতে তালিকাভুক্ত করে, সে ব্যাপারে নির্দেশ দেবেন। কিন্তু এক বছর অতিক্রান্ত হলেও মন্ত্রীদের সে কথা বাস্তবায়িত হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মধুপুরের আদিবাসীরা। জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি অজয় এ মৃ বলেন, ‘রহস্যজনক কারণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে না। বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, ওই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হোক।’ চলেশ রিছিলের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও গ্রামবাসীর পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।