বিচার বিভাগীয় তদন্ত ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন ও তার মায়ের ওপর ঈদের দিন ‘র‌্যাবের সোর্স’ ও তার লোকজনের হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে লিমন ও তার পরিবারের নিরাপত্তা প্রদান, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং লিমন ও তার পরিবারের ক্ষতিপূরণ দাবি করেছে।গতকাল বুধবার এক বিবৃতিতে টিআইবি বলেছে, এ ধরনের ঘটনা একদিকে ষড়যন্ত্রমূলক, অন্যদিকে একজন সাধারণ নিরপরাধ নাগরিকের নিরাপত্তার নিশ্চয়তা বিধানে আইন প্রয়োগকারী সংস্থার নির্লজ্জ ব্যর্থতার দৃষ্টান্ত। সং.স্থাটি ঈদের ছুটির আগের দিন স্থানীয় রাজাপুর পুলিশ কর্তৃক লিমনের মায়ের দায়েরকৃত মামলায় অভিযুক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের অব্যাহতির সুপারিশ-সংবলিত চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে। টিআইবি গত বছরের ২৩ মার্চ র‌্যাব কর্তৃক লিমনের ওপর আক্রমণ থেকে শুরু করে পুরো বিষয়ের ওপর সম্পূর্ণ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করছে। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আইনের প্রয়োগের মাধ্যমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নিয়োজিত র‌্যাব ও পুলিশের একাংশের হাতে লিমনের মতো নিরপরাধ নাগরিকের ওপর যেভাবে নৃশংস আক্রমণ করে তার সম্ভাবনাময় জীবনকে বিনষ্ট করে দেওয়া হয়েছে, তা দেশবাসীর মনে গভীর ক্ষোভের সঞ্চার করেছে।’ তিনি বলেন, ‘সরকার ও বিশেষ করে প্রধানমন্ত্রী কারও প্রতি ভয় বা করুণার ঊর্ধ্বে থেকে লিমনের প্রতি সুবিচার নিশ্চিত করে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার দৃষ্টান্ত স্থাপন করবেন, এ দেশের জনগণ সেই প্রত্যাশা করে।’