বিচার বিভাগীয় তদন্ত ও শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তরুণ পেশাজীবীদের দুর্নীতিবিরোধী নেটওয়ার্ক ওয়াইপ্যাক। গতকাল শনিবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) বনানী কার্যালয়ে ওয়াইপ্যাকের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে আয়োজিত এক সভায় এ দাবি জানানো হয়। ওয়াইপ্যাকের সদস্যরা ওই হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন। সংগঠনটি টিআইবির উদ্যোগে গঠিত। সভায় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের পরিচয় দেশবাসীর কাছে অত্যন্ত পরিষ্কার। এর পরও সরকারের পক্ষ থেকে এ নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য অগ্রহণযোগ্য। এটি উদ্দেশ্যমূলক ও অপরাধীদের আইনের ঊর্ধ্বে রাখার ষড়যন্ত্রের নামান্তর। অপরাধীরা সরকারি দলের অনুসারী ছাত্রসংগঠনের সঙ্গে সম্পৃক্ত, না বিরোধী দলের—এই বিতর্কের ধূম্রজাল থেকে সরে এসে দোষী ব্যক্তিদের অবিলম্বে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান ইফতেখারুজ্জামান। তিনি বলেন, আর এটি না হলে তা হবে সরকারের জন্য আত্মঘাতী। প্রাথমিক পর্যায়ে ওয়াইপ্যাক টিআইবির ‘ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট’ (ইয়েস)-এর সাবেক সদস্যদের, যাঁরা পেশাগত জীবন শুরু করেছেন, তাঁদের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরে এই নেটওয়ার্কে দেশের বিভিন্ন সমাজসেবী, স্বেচ্ছাসেবী, পেশাজীবী সংগঠনের আগ্রহী তরুণদের পর্যায়ক্রমে সম্পৃক্ত করা হবে। টিআইবি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের সহায়ক হিসেবে ২০০৬ সালে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) কর্মসূচি গ্রহণ করে।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ: বিশ্বজিৎ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। বিকেলে পুরান ঢাকার শাঁখারীবাজারে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পরিষদের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বলেন, বিশ্বজিৎ দাসের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাবুল দাসের সভাপতিত্বে নিহত বিশ্বজিৎ দাসের ভাই অপু দাস, পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রমুখ বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।