বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার বাইদগাঁও গ্রামের স্কুলশিক্ষক চান মিয়ার (৫৫) মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে তাঁর পরিবার। গণধর্ষণের মামলায় গত সোমবার গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে তিনি মারা যান।এদিকে শিক্ষক চান মিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর ছেলে শওকত হোসেন বাদী হয়ে গতকাল বুধবার রাতে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। চান মিয়ার ছেলে শওকত হোসেন অভিযোগ করেন, কথিত ধর্ষণের মামলায় তাঁর বাবাকে তড়িঘড়ি করে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় পুলিশ ও ধর্ষণ মামলার বাদীপক্ষের লোকজন তাঁকে বেদম প্রহার করে। এ কারণেই অসুস্থ হয়ে তাঁর বাবা মারা যান। তাই ঘটনা তদন্তে পুলিশের গঠিত কমিটির কাছ থেকে নিরপেক্ষতা আশা করা যায় না। প্রকৃত ঘটনা বের করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন।তিনি জানান, ধর্ষিতাকে এলাকার কেউ কোনো দিন দেখেনি, এখনো তাঁকে এলাকায় দেখা যাচ্ছে না। তিনি কোন পোশাক কারখানায় চাকরি করেন, তা-ও কারও জানা নেই। এর পরও পুলিশ তাঁর অভিযোগ কেন এত গুরুত্ব দিল, তা খতিয়ে দেখা দরকার।অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করাতে শওকত হোসেন গতকাল আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় প্রতিপক্ষের ১৪ জনকে আসামি করা হয়। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও নানা কারণে নির্যাতনকারী পুলিশ সদস্যদের আসামি করা সম্ভব হয়নি বলে তিনি জানান। তবে তদন্ত কমিটির প্রধান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে পক্ষপাতমূলক আচরণ করার কোনো সুযোগ নেই। সাক্ষ্য-প্রমাণে যাদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যাবে, প্রতিবেদনে তাদের কথা উল্লেখ করা হবে। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাইদগাঁও গ্রামের এক ভাড়াটিয়া তরুণী ২ অক্টোবর ওই গ্রামের স্কুলশিক্ষক চান মিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে আদালতে গণধর্ষণের অভিযোগ করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত ছাড়াই তা মামলা হিসেবে গণ্য করার জন্য আশুলিয়া থানাকে নির্দেশ দেন। আদালতের নির্দেশে আশুলিয়া থানা রোববার মামলা করে সোমবার সকালে চান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের নির্দেশে জেলহাজতে নেওয়ার পথে সোমবার সন্ধ্যায় তিনি মারা যান।