বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের রামু উপজেলায় বৌদ্ধমন্দির ও বসতিতে হামলার ঘটনা তদন্তে সাত দিনের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।কমিটিতে কর্মরত বা অবসরপ্রাপ্ত দুজন জেলা জজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখতে বলা হয়েছে। তদন্ত শেষে কমিটিকে আগামী মার্চ মাসে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদনকারী আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ১০ ডিসেম্বর হাইকোর্টে আবেদনটি করেন। তিনি গতকাল আবেদনের পক্ষে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।