বিচার বিভাগীয় তদন্ত কমিটিতে শ্যামল কান্তির সাক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার এই শিক্ষকসহ ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগের দিন ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। বিচার বিভাগীয় তদন্ত চলার সময় আবারও সাংসদ সেলিম ওসমানের অনুগত ব্যক্তিরা মহড়া দেন।

সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় দিন মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলা সার্কিট হাউসে ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) শেখ হাফিজুর রহমান ১৫ জনের সাক্ষ্য নেন। এর আগে থেকেই শ্যামল কান্তি ভক্তের শাস্তির দাবিতে সার্কিট হাউস প্রাঙ্গণে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে মানববন্ধন করেন সাংসদ সেলিম ওসমানের অনুগতরা। এ অবস্থায় সাক্ষ্য দেওয়ার জন্য সকালে কড়া পুলিশ প্রহরায় শ্যামল কান্তিকে তাঁর খানপুরের বাসা থেকে সার্কিট হাউসে নেওয়া হয়।

ধর্ম অবমাননার অভিযোগে গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে শারীরিক নির্যাতন এবং স্থানীয় জাতীয় পার্টির (জাপা-এ) সাংসদ সেলিম ওসমানের উপস্থিতিতে কান ধরে ওঠবস করানো হয়। এ ঘটনা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে সারা দেশে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
মঙ্গলবার শ্যামল কান্তি, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী হাবিব, সহকারী পুলিশ সুপার মো. মাসুদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির একাংশের সভাপতি আতাউর রহমান, জেলা জাতীয় পার্টির সভাপতি আবু জাহের, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, পিয়ার সাত্তার লতিফ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মতিউর রহমান এবং প্রত্যক্ষদর্শী শাহীন মিয়া, তাজুল ইসলাম, আসাদ মিয়া, আবুল হাশেম ও আবু বক্কর সিদ্দিকের সাক্ষ্য নেওয়া হয়।

বিচার বিভাগীয় তদন্তকারীর সামনে আড়াই ঘণ্টা সাক্ষ্য দিয়ে বেরিয়ে সাংবাদিকদের শ্যামল কান্তি বলেন, তাঁকে যে অপমান করা হয়েছে সেটি গণমাধ্যমে সবাই দেখেছেন। সেই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তদন্ত কমিটির কাছে। তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি আমার পদত্যাগ কেন হলো; আমার সঙ্গে এমন দুর্ঘটনা কেন ঘটল-এসব বিষয়ে জানতে চেয়েছে।’