আমিনবাজারের বড়দেশী গ্রামে ছয় ছাত্র হত্যার ঘটনা তদন্তে গঠিত এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী গতকাল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক তাঁর সঙ্গে ছিলেন।মহানগর হাকিম গতকাল দুপুর একটার দিকে বড়দেশী এলাকায় পৌঁছান। এরপর তিনি হেঁটে ক্যাবলার চরে যান। গত ১৭ জুলাই রাতে এই চরেই ডাকাত সন্দেহে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছয়জন ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। তদন্ত কমিটির প্রধান ঘটনাস্থল পরিদর্শন শেষে এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলেন। পরে ঢাকা ফেরেন।গত ৩ আগস্ট হাইকোর্টের দেওয়া নির্দেশের পরিপ্রেক্ষিতে গত বুধবার এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ঢাকার মহানগর হাকিম উৎপল চৌধুরী গতকাল সাংবাদিকদের বলেন, নিরপেক্ষ তদন্তের স্বার্থে নিখুঁতভাবে তদন্তকাজ সম্পন্ন করা হবে। তদন্ত শেষে নির্দিষ্ট সময়ের মধ্যেই হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়া হবে।পুলিশের তদন্ত কমিটি আবারও পরিদর্শনেছয়জন ছাত্র হত্যার ঘটনা তদন্তে ২১ জুলাই পুলিশের করা তদন্ত কমিটির সদস্যরাও গতকাল আবার আমিনবাজার ও বড়দেশী গ্রাম পরিদর্শন করেছেন। সকাল ১০টার দিকে কমিটির সদস্যরা বড়দেশী এলাকায় যান।