নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইল এসিআই ওষুধ কারখানার শ্রমিক হত্যা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনসহ বিভিন্ন দাবিতে গতকাল শুক্রবার বিকেলে শহরের হাজীগঞ্জ রেললাইন এলাকায় শ্রমিকেরা সমাবেশ করেছেন। জেলা শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদের আয়োজনে সমাবেশে বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সদস্য-সচিব আবু হাসান সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি হানিফুল কবির বক্তব্য দেন। বক্তারা শ্রমিক এনামুল হত্যার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার দায়ী পুলিশ কর্মকর্তা ও কারখানার মহাব্যবস্থাপকসহ (জিএম) জড়িতদের অপসারণ ও শাস্তি, এনামুলের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ, শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের দাবি-দাওয়ার শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান।