আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় অবিলম্বে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল বুধবার অনুষ্ঠিত এক জরুরি সাধারণ সভায় এ দাবি জানানো হয়।গতকাল দুপুরে সমিতির শামসুল হক চৌধুরী হলে অনুষ্ঠিত সভায় আবার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন ও আলোচনার মাধ্যমে এর কাঠামো ঠিক করতে সরকারের প্রতি দাবি জানানো হয়। এ ছাড়া বিরোধী দলের সব নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের ‘অশুভ প্রচেষ্টা’ থেকে বিরত থাকা এবং বিএনপির নেতা তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে সভায় আইনজীবী শাহ্দীন মালিক, মাহবুবউদ্দিন খোকন, সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা, জয়নুল আবেদীন, শাজাহান ওমর, মির্জা আল মাহমুদ প্রমুখ বক্তব্য দেন। সভার সিদ্ধান্তে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলীয়করণের অভিযোগ করে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা না থাকায় আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। এরই পরিণতি হিসেবে সাভারের আমিনবাজারে মৃত্যুবরণ করে ছয়জন নিরীহ ছাত্র। আলোচ্য বিষয় হিসেবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টি থাকায় সভায় এসেছেন জানিয়ে শাহ্দীন মালিক বলেন, ‘বিনা বিচারে যেকোনো হত্যাকাণ্ডই জঘন্য অপরাধ। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করলে সে সমাজ ভেঙে যায়। আমাদের সমাজ ভেঙে যাচ্ছে, আমরা দেখছি না। ছয় ছাত্রকে নির্মমভাবে হত্যার ঘটনায় আমি মর্মাহত, কিন্তু হতবাক নই। কারণ, রাষ্ট্র আইন হাতে তুলে নিলে মানুষও আইন হাতে তুলে নেবে।’