বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট, প্রতিবেদন দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে পুলিশি নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গতকাল রোববার হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদনে মোহাম্মদপুর থানার সাময়িক বরখাস্ত করা উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে গ্রেপ্তার, রাব্বীর লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করা এবং তাঁকে তিন কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

রাব্বীকে নির্যাতনের ঘটনায় পুলিশের গঠিত তদন্ত কমিটি গতকাল তেজগাঁও অঞ্চলের উপকমিশনারের কাছে প্রতিবেদন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, প্রতিবেদনে এসআই মাসুদকে অভিযুক্ত করা হয়েছে। তবে প্রতিবেদনের বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। পুলিশের নির্যাতনের আরেক শিকার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা পরিদর্শক বিকাশ চন্দ্র দাসের পরিবার বলেছে, তিনি গতকালও কথা বলেননি।

রাব্বীকে নির্যাতনের অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত চেয়ে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী এ কে এম এহসানুর রহমান ও এস এম জুলফিকার আলী এবং গণমাধ্যমকর্মী জাহিদ হাসান আবেদন করেন। আবেদনকারীদের পক্ষে আইনজীবী সানজিদ সিদ্দিকী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন জমা দেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, আইনজীবী সমিতির জরুরি সভায় রাব্বীকে আইনগত সহায়তা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এরপর সুপ্রিম কোর্টের আইনজীবীরা রাব্বীর পক্ষে রিট আবেদন করেন। তিনি বলেন, সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

তদন্ত প্রতিবেদন জমা: রাব্বীকে নির্যাতনের অভিযোগ তদন্ত করে পুলিশের মোহাম্মদপুর বিভাগের সহকারী কমিশনার গতকাল তেজগাঁও বিভাগের উপকমিশনারের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার প্রথম আলোকে বলেন, গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগ পেয়ে তা তদন্তে সহকারী কমিশনারের নেতৃত্বে গঠিত এক সদস্যের কমিটি প্রতিবেদন দিয়েছে। পরবর্তী ব্যবস্থার জন্য প্রতিবেদনটি ডিএমপি কমিশনারের কাছে পাঠানো হয়েছে। প্রতিবেদনে কী আছে—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখনই কোনো মন্তব্য করব না।’

পুলিশ সূত্র বলেছে, প্রতিবেদনে এসআই মাসুদের আচরণগত ত্রুটি ও মারধরের বিষয়টি উল্লেখ করে তাঁকে অভিযুক্ত করা হয়েছে। তবে এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দুটি  সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

রাব্বীর বন্ধুরা বলেছেন, গতকাল রাব্বীর অবস্থা কিছুটা ভালো ছিল।

পুলিশের নির্যাতনের আরেক শিকার বিকাশ চন্দ্র দাসের বড় ভাই দীপক কুমার দাস প্রথম আলোকে বলেন, বিকাশের অবস্থা আগের চেয়ে একটু ভালো। তবে গতকাল সারা দিন তিনি কথা বলেননি। অনেকটা অচেতনের মতো রয়েছেন। এক প্রশ্নের জবাবে দীপক বলেন, পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।