বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, উপাসনালয় ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, নাগরিক সংহতি ও আমরা অভয়নগরবাসী। এসব কর্মসূচি থেকে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি শেষে এক পথসভায় হিন্দু মহাজোটের নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্বাচনে ভোট দেওয়ার অপরাধে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে। এ ছাড়া কিছু স্থানে ভোটকেন্দ্রে না যাওয়ার অপরাধে দেশ থেকে বিতাড়িত করাসহ নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।
বক্তারা অভিযোগ করে বলেন, সরকার ক্ষমতায় থাকার জন্য নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রলুব্ধ করে। কিন্তু হিন্দু বাড়িঘরে হামলার সময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাদের কাছে কোনো সাহায্য পাওয়া যায়নি।
দিনবন্ধু রায়ের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, পলাশ কান্দি দে, আনন্দ বিশ্বাস প্রমুখ।
এদিকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ক্ষতিগ্রস্ত লোকজনের পুনর্বাসন ও ক্ষতিপূরণ দাবি করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সকালে সমাবেশ করেছে নাগরিক সংহতি। সমাবেশে বক্তব্য দেন নাগরিক সংহতির সভাপতি এ এস এম আতিকুর রহমান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান প্রমুখ।
অভয়নগরের মালোপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে একই স্থানে মানববন্ধন করেছে ‘আমরা অভয়নগরবাসী’। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন চলে।