বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত ও দায়ী পুলিশের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়েছেন নিহত ব্যক্তিদের পরিবার।
অপরদিকে পুলিশের দাবি, নিহত দুজন ছিনতাইকারী। তাঁরা পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন হত্যার সঙ্গে জড়িত। এ ঘটনায় জড়িত গ্রেপ্তার চার আসামির মধ্যে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাতে নিহত রাজীব ও নাছিরের নামও রয়েছে।
এদিকে দুই যুবক নিহত হওয়ার প্রতিবাদে দায়ী পুলিশের শাস্তি দাবি করে গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে পরিবার ও স্বজনেরা। তারা অবিলম্বে দায়ী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানায়।
গত বুধবার ভোরে নগরের হালিশহর বেড়িবাঁধের গলাচিপা এলাকায় রাজীব ও নাছির নামের দুই যুবক নিহত হন। পুলিশের ভাষ্য, তাঁরা ছিনতাইকারী। তাঁদের ধরতে গেলে পুলিশকে ছিনতাইকারীরা গুলি করলে পাল্টা গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে দুজন নিহত হন।
নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, তাঁরা ছিনতাইকারী নন। এর আগে গত সোমবার রাতে নগরের আগ্রাবাদ এলাকায় পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন। এ ঘটনায় ডবলমুরিং থানায় দায়ের হওয়া মামলায় পুলিশ হালিশহরে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে।
পুলিশের বিরুদ্ধে দুই যুবককে গুলি করার অভিযোগের বিষয়টি তদন্ত হচ্ছে কি না জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) এ কে এম শহিদুর রহমান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো অভিযোগ পাইনি পুলিশের বিরুদ্ধে। অভিযোগ পেলে অবশ্যই তদন্ত করা হবে।’
নগরের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বলেন, ‘বুধবার নগরের হালিশহর বড়পোলসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিএনজির চালক মনির, অর্জুন, দুলাল ও রাজুকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে মনির ও অর্জুন ওই দিন সন্ধ্যায় মহানগর হাকিম নুরে আলম ভূঞার খাস কামরায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা স্বীকার করেন, মনিরকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে হালিশহরসহ বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করে গত সোমবার রাতে। নগরের আগ্রাবাদ সিজেকেএস কলোনি এলাকার সামনে পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিনের কাছ থেকে তিন হাজার ৭০০ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয় তাঁরা। দিতে দেরি হওয়ায় ধস্তাধস্তি করলে ফরিদকে ছুরিকাঘাত করা হয়। ছিনতাইয়ে রাজীব ও নাছিরও অংশ নেন। দীর্ঘদিন ধরে নাছির ও রাজীবকে চেনেন সিএনজির চালক মনির।
নিহত নাছিরের বড় ভাই আকরাম উদ্দিন বলেন, ‘পুলিশ বন্দুকযুদ্ধের নাটকের পর আসামি গ্রেপ্তারের নাটক সাজিয়ে আমার ভাইয়ের নাম বলাইছে। ঘটনার বিচার বিভাগীয় সুষ্ঠু তদন্ত করে দায়ী পুলিশদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নইলে পুলিশ নিরীহ মানুষ ধরে নিয়ে একের পর এক ক্রসফায়ারে দেবে।’