বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষকদের একাংশ আজ রোববার কর্মবিরতি পালন করেছেন। এই অংশটি গত ৩০ আগস্টে ক্যাম্পাসে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করে রেজিস্ট্রারকে চিঠি দিয়েছেন।

আন্দোলনকারী ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে শিক্ষকেরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। বেলা ১১টার দিকে তাঁরা মৌন মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের প্রধান ফটকে যান।
কর্মসূচি পালন করা শিক্ষকদের নেতা অধ্যাপক মস্তাবুর রহমান প্রথম আলোকে জানান, তাঁরা পূর্বঘোষিত কর্মবিরতি পালন করেছেন। উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত তাঁদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে উপাচার্যের সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করা ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ বিশ্ববিদ্যালয়ের যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি রুখতে কাল সোমবার মানববন্ধন করবেন।
উল্লেখ্য, কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে সরকার দল সমর্থক ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেন শিক্ষকদের একাংশ। এ আন্দোলন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার-সমর্থক অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেন। পাশাপাশি আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন থেকে সরে দাঁড়ানোর দাবিতে ‘সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে ছাত্রলীগও আন্দোলনে অংশ নেয়।
এই পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ২৪ আগস্ট এক নির্দেশনায় আন্দোলনরত শিক্ষকদের আন্দোলন বন্ধ রেখে স্বাভাবিক শিক্ষা-কার্যক্রম চালিয়ে বিশ্ববিদ্যালয় সচল রাখার আহ্বান জানানো হয়। এ নির্দেশনা পেয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য ৩০ আগস্ট একাডেমিক কাউন্সিলের বৈঠক আহ্বান করলে আন্দোলনরত শিক্ষকেরা উপাচার্যের কার্যালয়ের সামনে গিয়ে ব্যানার নিয়ে অবস্থান করলে ছাত্রলীগ ব্যানার কেড়ে নিয়ে তাঁদের লাঞ্ছিত করে। এর আগে আন্দোলনকারী শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন উপাচার্য।