নাটোরের তিন যুবলীগ নেতা-কর্মীর খুনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন জেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল শনিবার শহরের পুরাতন বাসস্ট্যান্ডে যুবলীগ আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুবলীগের তিন নেতা-কর্মী কার গুলিতে এবং কী কারণে মারা গেলেন, তা আজও জানা যায়নি। খুনিরা পরিকল্পিতভাবে তাঁদের মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে। এটা মেনে নেওয়া যায় না। এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের খুঁজে বের করতে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করা হোক।
জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুহুল আমীনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী প্রমুখ। তাঁরা জানান, বিচারের দাবিতে আজ রোববার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হবে।