বিচার বিভাগীয় তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জের কর্ণগোপ এলাকায় অবস্থিত সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাশেম ফুড এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে । অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ভবনটির দ্বিতীয় তলার চিত্র। পুরে গেছে মেশিনারিজসহ অন্যান্য সরঞ্জামাদি।
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানায় ৫২ শ্রমিক নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন ৩৬ বিশিষ্ট নাগরিক। তাঁরা এ ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী সবার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত শ্রমিকদের শনাক্ত, আহত শ্রমিকদের জন্য যথাযথ চিকিৎসা, উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে রূপগঞ্জের ঘটনায় গভীর শোক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো প্রতি সমবেদনা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, নিহত ও আহত ব্যক্তিদের মধ্যে অনেক শিশু ছিল।

এটিও স্পষ্ট যে শ্রম আইনে কলকারখানায় শিশুশ্রমের বিরুদ্ধে যে সুনির্দিষ্ট বিধান রয়েছে, এখানে তা–ও মানা হয়নি। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের পরিদর্শন ও তদারকির কাজ সুষ্ঠুভাবে পালনের দাবি জানান।

বিবৃতিদাতাদের মধ্যে আছেন জাফরুল্লাহ চৌধুরী, হামিদা হোসেন, সুলতানা কামাল, আলী ইমাম মজুমদার, বদিউল আলম মজুমদার, রাশেদা কে চৌধূরী, দেবপ্রিয় ভট্টাচার্য, ইফতেখারুজ্জামান, পারভীন হাসান, আসিফ নজরুল, মেঘনা গুহঠাকুরতা, সৈয়দা রিজওয়ানা হাসান, শারমীন মুরশিদ, সারা হোসেন প্রমুখ।

নিন্দা, ক্ষোভ: হাসেম ফুডসের কারখানায় শ্রমিক নিহতের ঘটনায় প্রতিবাদ ও ক্ষোভ অব্যাহত আছে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ গতকাল পৃথক বিবৃতিতে এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানায়। ‘নারায়ণগঞ্জ ট্র্যাজেডি: দায় কার?’ শীর্ষক এক ভার্চ্যুয়াল আলোচনা সভার আয়োজন করে আইপিনিউজ ডটকম নামের একটি সংবাদভিত্তিক অনলাইন।