শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পক্ষে বিপক্ষে সরকার দল সমর্থক শিক্ষকদের দুই পক্ষের পাল্টাপাল্টি তৎপরতার মধ্যে এবার সরব বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের মোর্চা হিসেবে পরিচিত ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’।
আজ বুধবার দুপুরে এ মোর্চা সংবাদ সম্মেলন করে চলমান উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘কতিপয় শিক্ষকের স্বার্থের আন্দোলন’ উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপি-জামায়াতপন্থী এই শিক্ষক ফোরামের আহ্বায়ক অধ্যাপক সাজেদুল করিম। লিখিত বক্তব্যে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক তাঁদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিভিন্ন সময় উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের পদ্ধতি অত্যন্ত ন্যক্কারজনক। এ রকম পরিস্থিতি যাতে বারবার ফিরে না আসে তার জন্য একটি পূর্ণ বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়।
আন্দোলনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, ‘আন্দোলনকারী শিক্ষকদের চলমান আন্দোলনে কোনো ফর্মেই ছাত্রছাত্রীদের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং চলমান আন্দোলন ছাত্রছাত্রীদের কোনো আন্দোলনও নয়; বিধায় তাদের কোনো অংশকে সাধারণ ছাত্রছাত্রীদের নামে চলমান আন্দোলনে সম্পৃক্ত করা বা সম্পৃক্ত হতে দেওয়া একেবারেই অনুচিত এবং বেআইনি বলে আমরা মনে করি।’
এই মোর্চা নিজেদের অবস্থান সম্পর্কে বলে, ‘আমরা আন্দোলনকারী শিক্ষকবৃন্দ বা উপাচার্যের পক্ষে বা বিপক্ষে নই। আমরা আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয়ে পক্ষে। আমাদের সুস্পষ্ট অবস্থান হলো বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম, ছাত্রছাত্রীর সকল বিষয়, শিক্ষকদের প্রমোশন/আপগ্রেডেশন, সর্বোপরি আসন্ন ভর্তি পরীক্ষার কার্যক্রম যেকোনো পরিস্থিতিতে চালু রাখার পক্ষে।’
এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে আজ বুধবার আরেক দফা অনশন কর্মসূচি পালন করেছেন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’। নতুন কর্মসূচি হিসেবে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনশন কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে উপাচার্য মো. আমিনুল হক ভূইয়ার পদত্যাগের দাবিতে গত ১২ এপ্রিল থেকে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে আন্দোলন শুরু করেন সরকার সমর্থক শিক্ষকদের একাংশ। এ আন্দোলনকে বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার পাঁয়তারা আখ্যা দিয়ে সরকার সমর্থক শিক্ষকদের অপর একটি অংশ ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তচিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ ব্যানারে উপাচার্যের পক্ষে অবস্থান নেয়।
গত ৩০ আগস্ট সকালে উপাচার্যবিরোধী আন্দোলন চলাকালে ব্যানার কেড়ে নিয়ে শিক্ষকদের লাঞ্ছিত করেন উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া সাধারণ শিক্ষার্থী ব্যানারে ছাত্রলীগের কর্মীরা। এর আগে আন্দোলনরত শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন উপাচার্য।
ঘটনার পরদিন ৩১ আগস্ট শিক্ষক লাঞ্ছনার ঘটনায় কেন্দ্রীয় ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তিন নেতাকে অব্যাহতি দেয়। ১ সেপ্টেম্বর শাহজালাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগ কর্মী চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।
উপাচার্যের পক্ষে অবস্থান নেওয়া ‘মহান মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্ত চিন্তা চর্চায় ঐক্যবদ্ধ শিক্ষকবৃন্দ’ গত সোমবার সংবাদ সম্মেলন করে উপাচার্যবিরোধী আন্দোলনকে ‘স্বার্থের দ্বন্দ্ব’ বলে অভিহিত করেন। তাঁরা যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহায়তা কামনা করে ওই দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন ও সমাবেশ করেছেন।