বিচার বিভাগীয় তদন্ত দাবি বিশিষ্ট নাগরিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও চট্টগ্রামে বৌদ্ধ ও হিন্দু মন্দিরসহ ঘরবাড়িতে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন দেশের নয়জন বিশিষ্ট নাগরিক। গতকাল সোমবার এক বিবৃতিতে এ দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের দুজন উপদেষ্টা সুলতানা কামাল ও রাশেদা কে চৌধূরী, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনাম, প্রিপ ট্রাস্টের এরোমা দত্ত, অ্যাকশন এইড বাংলাদেশের ফারাহ কবীর, এডাবের রোকেয়া কবীর ও এফএনবির তাজুল ইসলাম। বিবৃতিতে তাঁরা বলেন, ধর্মীয় পবিত্র স্থাপনা ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নগ্ন আক্রমণের এ-জাতীয় ঘটনা বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। বিবৃতিতে বৌদ্ধপল্লিতে হামলায় ক্ষতিগ্রস্ত ও আহত ব্যক্তিদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণসহ ধ্বংসপ্রাপ্ত ধর্মীয় প্রতিষ্ঠানগুলো অনতিবিলম্বে পরিপূর্ণ পুনঃস্থাপন ও নির্মাণের যাবতীয় ব্যয়ভার সরকারিভাবে নির্বাহের দাবি জানানো হয়। সংসদ উপনেতার বিবৃতি: জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গতকাল এক লিখিত বিবৃতিতে কক্সবাজার ও চট্টগ্রামের ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। নিন্দা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), গণ-আজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, গণঐক্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, সামাজিক আন্দোলন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চ, আদিবাসী ফোরাম ও আদিবাসী অধিকার আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বাম মোর্চা, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, জাতীয় মুক্তি কাউন্সিল, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, আইন ও সালিশ কেন্দ্র এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এ হামলার তীব্র নিন্দা ও এতে জড়িত ব্যক্তিদের বিচারের দাবি করেছেন।