রাজধানীর মিরপুর থানার পুলিশের হেফাজতে ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজন হত্যার অভিযোগে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন, উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলার বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার এই মামলার বাদী ও নিহত মাহাবুবুরের স্ত্রী মমতাজ সুলতানা আদালতে সাক্ষ্য দেন।
ঢাকা মহানগর হাকিম এস এম আশিকুর রহমান তাঁর খাসকামরায় বাদীর সাক্ষ্য গ্রহণ করেন। মমতাজ সুলতানা ছাড়াও বিচার বিভাগীয় তদন্তে সাক্ষ্য দিতে গতকাল আদালতে হাজির হন নিহত মাহাবুবুরের মা শাহিদা বেগম, বড় ভাই নজরুল ইসলাম, আত্মীয় মিনহাজ, সাইফুল আলম ও মাহবুবুল আলম।
আদালত সূত্রে জানা যায়, মমতাজ সুলতানা তাঁর সাক্ষ্যে ঘটনার বর্ণনা দেন। মাহাবুবুরের মাসহ বাকি পাঁচজনের সাক্ষ্য গ্রহণের জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছে।
গত ১৩ জুলাই রাতে হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদের বাসা থেকে ব্যবসায়ী মাহাবুবুর, তাঁর স্ত্রী ও একমাত্র সন্তানকে মিরপুর থানায় নিয়ে যান এসআই জাহিদসহ একদল পুলিশ। পরিবারের অভিযোগ, ধরে নিয়ে যাওয়ার আগে বাসায় এবং রাত প্রায় সোয়া ১২টা থেকে ভোররাত পর্যন্ত পুলিশ থানায় নিজেদের হেফাজতে রেখে মাহাবুবুরকে নির্যাতন করে। ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মিরপুর থানার পুলিশ ১৭ জুলাই এসআই জাহিদসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। এর আগে ১৬ জুলাই
বিকেলে এসআই জাহিদকে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরদিন তাঁকে এই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এদিকে মাহাবুবুরকে হত্যার অভিযোগে ২০ জুলাই তাঁর স্ত্রী মমতাজ মিরপুর থানার ওসিসহ ১০ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত পরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষে ছিলেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। তাঁকে সহায়তা করেন রেহানা সুলতানা ও ফাহমিদা আক্তার।