পুলিশ হেফাজতে নির্যাতন করে ঝুট ব্যবসায়ী মাহাবুবুর রহমান ওরফে সুজনকে হত্যার অভিযোগে রাজধানীর মিরপুর থানার ওসি সালাউদ্দিন আহমেদসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলায় বিচার বিভাগীয় তদন্তে মাহাবুবুরের মা সাহিদা বেগমসহ আরও পাঁচজন সাক্ষ্য দিয়েছেন। ঢাকার মহানগর হাকিম এস এম আশিকুর রহমান গতকাল বুধবার তাঁর খাস কামরায় তাঁদের সাক্ষ্য গ্রহণ করেন।
গতকাল সাক্ষ্য দেওয়া অপর চারজন হলেন মাহাবুবুরের বড় ভাই নজরুল ইসলাম, খালাতো ভাইয়ের শ্বশুর মাহবুবুল আলম, চাচাতো ভাই মিনহাজ ও খালাতো ভাই সাইফুল আলম। এর আগে মঙ্গলবার নিহত সুজনের স্ত্রী ও মামলার বাদী মমতাজ সুলতানা সাক্ষ্য দেন।
সাক্ষ্য দিয়ে বের হওয়ার পর সাহিদা বেগম সাংবাদিকদের জানান, ওসি সালাউদ্দিনের নির্দেশেই থানা হেফাজতে নির্যাতন করে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এই হত্যার বিচার চান।
গত ১৩ জুলাই রাতে হাজারীবাগ থানার পশ্চিম জাফরাবাদের বাসা থেকে মাহাবুবুরকে আটক করে মিরপুর থানায় নিয়ে যান উপপরিদর্শক (এসআই) জাহিদুর রহমান। আদালতে করা মামলায় অভিযোগ করা হয়, রাত সোয়া ১২টা থেকে ভোররাত পর্যন্ত থানা হেফাজতে রেখে তাঁকে নির্যাতন করে পুলিশ। ওসি সালাউদ্দিন পরদিন সকাল নয়টার দিকে বাদী ও তাঁর শিশুপুত্রকে তাঁর কক্ষে নিয়ে জানান, তাঁর স্বামী গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ভোরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০ জুলাই মাহাবুবুরের স্ত্রী ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন। আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।
এদিকে মাহাবুবুর হত্যার অভিযোগে মিরপুর থানার এসআই জাহিদ, পুলিশের তথ্যদাতা (সোর্স) নাসিমসহ আটজনকে আসামি করে ১৭ জুলাই মামলা করে পুলিশ। এর আগে ১৬ জুলাই বিকেলে এসআই জাহিদ ও নাসিমকে ৫৪ ধারায় গ্রেপ্তার করে পুলিশ। মামলা করার পর তাঁদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। ৩১ জুলাই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন নাসিম। বর্তমানে তাঁরা কারাগারে আটক আছেন।