ছাত্রলীগের হাজারীবাগ থানার সভাপতি আরজু মিয়া ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এই আদেশ দেন।
অপহরণের পরে হত্যার অভিযোগ এনে র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল মাসুদ রানাসহ চারজনের বিরুদ্ধে গত রোববার আদালতে একটি নালিশি মামলা করেন নিহত আরজু মিয়ার ভাই মাসুদ রানা। ১৭ আগস্ট ঢাকার হাজারীবাগে রাজা মিয়া নামের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আরজু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। পরদিন ১৮ আগস্ট ভোরে হাজারীবাগে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন আরজু।
এ ঘটনার পর থেকেই স্থানীয় সাংসদ ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা অভিযোগ করছেন, বন্দুকযুদ্ধ নয়, আরজুকে ধরে নিয়ে হত্যা করেছে র্যাব। র্যাব-২-এর পরিচালক লে. কর্নেল মাসুদ রানাকে ইতিমধ্যে ওই পদ থেকে সরিয়ে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। সরিয়ে দেওয়া হয় হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাঈনুল ইসলামকে।
উল্লেখ্য, এর আগে ২০০৯ সালে র্যাব-২-এর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্র। ওই ঘটনায়ও বিচার বিভাগীয় তদন্ত হয়েছিল। এখনো মামলাটির বিচারই শুরু হয়নি।
ছাত্রলীগের নেতা আরজু হত্যার অভিযোগে মামলার বাদীপক্ষের আইনজীবী মো. আজিম উদ্দিন বলেন, গতকাল আদালত মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের এ নির্দেশে বাদী সন্তুষ্ট বলে তিনি জানান।
বিচার বিভাগীয় তদন্তের প্রক্রিয়া সম্পর্কে ওই আইনজীবী বলেন, মুখ্য মহানগর হাকিম একটি আদালত নির্ধারণ করে দেবেন। সেখানে বাদী তাঁর সাক্ষ্য–প্রমাণ হাজির করবেন। এরপর একজন বিচারককে তদন্তের দায়িত্ব দেওয়া হবে। সেই বিচারক দায়িত্ব পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শনে যাবেন। এরপর ঘটনাস্থলের আশপাশের ব্যক্তিদের সঙ্গে কথা বলবেন এবং মামলায় উল্লেখ করা সাক্ষীদের জবানবন্দি পর্যবেক্ষণ করবেন। এরপর ময়নাতদন্ত প্রতিবেদন ও অন্যান্য নথি পর্যবেক্ষণ করবেন। এরপর সার্বিক বিষয় বিবেচনা করেই একটি প্রতিবেদন দাখিল করবেন। তারপর মামলার কার্যক্রম চলবে।
তবে র্যাবের বিরুদ্ধে দায়ের করা কোনো মামলারই এখন পর্যন্ত সুরাহা হয়নি। এমনকি বিচার বিভাগীয় তদন্তের পরেও। ২০০৯ সালের ২৭ মে রাতে মানিক মিয়া অ্যাভিনিউতে র্যাব-২–এর একটি দলের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের দুই ছাত্র মোহাম্মদ আলী জিন্নাহ ও মহসিন শেখ। এ ঘটনার পর মোহাম্মদ আলী জিন্নাহর দুলাভাই জসিমউদ্দিন র্যাব-২–এর ডিএডি ফুরজাল হোসেনসহ ছয়জনকে আসামি করে ঢাকার একটি আদালতে মামলা করেন।
মামলার বাদী জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত শেরেবাংলা নগর থানাকে অভিযোগটি মামলা হিসেবে নিয়ে তদন্তের নির্দেশ দেন। থানা-পুলিশ তদন্ত শেষে মামলার অভিযোগ প্রমাণিত হয়নি বলে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ আদালতে নারাজি প্রতিবেদন দেন। এ নারাজি প্রতিবেদনটি আমলে নিয়ে আদালত মামলাটি সিআইডিকে তদন্তের আদেশ দেন। সিআইডিও মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। এরপর আবারও নারাজি দেন তিনি।
এরপর আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। একজন বিচারিক হাকিম মামলার বাদীসহ সাক্ষীদের সাক্ষ্য নেন। তারপর তিনি মামলাটিকে নিয়মিত একটি তদন্ত সংস্থার দ্বারা তদন্ত করানোর আদেশ দেন। এরপর মামলাটির তদন্তের ভার পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর ডিবিও মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের বিরুদ্ধে আবারও নারাজি আবেদন দিয়েছেন জসিমউদ্দিন। এ আবেদনের বিষয়ে আগামী মাসে শুনানি হওয়ার তারিখ রয়েছে।
এর বাইরে ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেন, গত বছর নারায়ণগঞ্জের সাত খুনসহ হত্যা ও গুমের অভিযোগে র্যাবের বিরুদ্ধে দায়ের হওয়া অন্তত পাঁচটি মামলা এখনো ঝুলে রয়েছে।
এসব বিষয়ে যোগাযোগ করা হলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পক্ষ থেকে জানানো হয়, র্যাবের বিরুদ্ধে হত্যার অভিযোগে তিনটি মামলা চলমান রয়েছে। আইনানুযায়ী মামলাগুলো চলছে।