বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ‘বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা’। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পদত্যাগ এবং তাঁর মন্তব্য প্রত্যাহারের দাবি জানান।
গত শনিবার সকালে উপজেলার বাইশারী ইউনিয়নের ওপর চাকপাড়া গ্রামের একটি বিহার থেকে ভিক্ষু ধাম্মা ওয়াসা ওরফে উ গাইন্দ্যার লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করা হয়।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার ধর্মীয় সম্পাদক সুমঙ্গল মহাথেরর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক বিকিরণ প্রসাদ বড়ুয়া ও পালি বিভাগের অধ্যাপক জিনবোধি ভিক্ষু, সংগঠনের মহাসচিব এস লোকজিৎ থের, পূর্ণাচার ভিক্ষু সংসদের মহাসচিব সংঘপ্রিয় মহাথের, পুলক কান্তি বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৌদ্ধ ভিক্ষু খুনের ঘটনার দায় সরকার এড়াতে পারে না। বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে হবে। ভিক্ষুর খুনের ঘটনাকে নিয়ে সাজানো নাটক হলে তা বৌদ্ধসমাজ মেনে নেবে না। অবশ্যই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন এলাকায় মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, চার্চের পাদ্রীকে হত্যা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বৌদ্ধ ভিক্ষুকে খুন করা হয়। এভাবে একের পর এক হত্যার মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। সবাইকে একত্র হয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।