মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় হরতাল-সমর্থক ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজনের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসী। সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন তাঁরা।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো আবেদনে গোবিন্দল গ্রাম এবং পাশের মধ্য সিঙ্গাইর, ঘোনাপাড়া, ঋষিপাড়া ও জাইল্যা গ্রামের ২৭৫ জনের নাম, স্বাক্ষর ও টিপসই রয়েছে।আবেদনে উল্লেখ করা হয়, ২৪ ফেব্রুয়ারি ইসলামি সমমনা ১২ দলের ডাকা হরতালে সিঙ্গাইরের কাশিমনগর বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলধরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল মাজেদ খান লোকজন নিয়ে উপস্থিত হন। বাধা দিলে হরতাল-সমর্থক ও আওয়ামী লীগের নেতা মাজেদের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে গোবিন্দল নতুনবাজার এলাকায় হরতাল-সমর্থকদের ওপর পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়ে ব্যর্থ হন।এরপর আওয়ামী লীগের নেতা-কর্মী ও পুলিশের সদস্যরা যৌথভাবে হরতাল-সমর্থক ও গ্রামবাসীর ওপর হামলা চালান। এ সময় পুলিশ ও যুবলীগের গুলিতে গোবিন্দল গ্রামের আলমগীর হোসেন, নাসির উদ্দিন, সিঙ্গাইর পৌর স্বেচ্ছাসেবক দলের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক নাজিম উদ্দিন ও জৈল্যা গ্রামের শাহ আলম নিহত হন। এ ছাড়া অনেক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া আহত গ্রামবাসীদের গ্রেপ্তার করা হয়।আবেদনে বলা হয়েছে, পুলিশ নিজেদের দোষ আড়াল করতে গ্রামবাসীর বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। মামলায় গ্রেপ্তারের ভয়ে গোবিন্দল, মধ্য সিঙ্গাইর, ঘোনাপাড়া, ঋষিপাড়া ও জাইল্যা গ্রাম এখন পুরুষশূন্য। এসব ঘটনায় তাঁরা বিচার বিভাগীয় তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।গ্রামবাসীর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের নেতা আবদুল মাজেদ খান।জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেছেন, ‘যথাসময়ের মধ্যেই গ্রামবাসীর আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে।’লিখিত আবেদনকারীদের মধ্যে গুলিতে নিহত নাসির হোসেনের বড় ভাই শহিদুল ইসলামও রয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার এবং দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেন।পুলিশ সুপার মোহামঞ্চদ আলী মিয়া বলেন, ‘ওই দিন পুলিশ প্রথম থেকেই সহনীয় ছিল। বেপরোয়া হরতাল-সমর্থক ও উচ্ছৃঙ্খল গ্রামবাসীর অনেকের হাতেই আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধারালো অস্ত্র ছিল। নিজেদের প্রাণ রক্ষার্থেই পুলিশ গুলি ছুড়তে বাধ্য হয়।’চারজন নিহত হওয়ার ঘটনায় এর আগে পুলিশের পক্ষ থেকে বিভাগীয় ও জেলা পর্যায়ে দুটি তদন্ত দল গঠন করা হয়। বিভাগীয় তদন্ত দলের সদস্যরা গত সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তাঁদের সঙ্গে কথা বলেনি নিহতদের পরিবার।