কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানসহ ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর পুলিশের বেপরোয়া গুলিবর্ষণের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে বিচার বিভাগীয় তদন্তের দাবি করা হয়েছে। এ লক্ষ্যে গতকাল সোমবার বিকেল চারটায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ১৮ জুলাই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার সদর মডেল থানার পুলিশের সঙ্গে স্থানীয় ছাত্রলীগের বিরোধ দেখা দেয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান থানার সামনে এসে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ওই মুহূর্তে অকারণে নেতা-কর্মীদের ওপর পুলিশ এলোপাতাড়ি গুলি চালায়। এতে মুজিবুর রহমানসহ ছয়জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হন।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষী পুলিশ কর্মকর্তাসহ গুলিবর্ষণের সঙ্গে জড়িত সব পুলিশের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।
আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িত সদর মডেল থানার চারজন উপপরিদর্শক (এসআই) ও ১১ জন কনস্টেবলের বিরুদ্ধে জেলা পুলিশ ১৯ জুলাই শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।