আমিনবাজারের বড়দেশীতে গণপিটুনিতে ছয় ছাত্র হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন নিহত ব্যক্তিদের স্বজন ও বন্ধুরা। এ দাবিতে তাঁরা গতকাল বুধবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের সামনে মিছিল করেন। মিছিল শেষে তাঁরা একটি সংক্ষিপ্ত সমাবেশও করেন।নিহতদের পরিবারের সদস্য, দারুসসালাম এলাকাবাসী, মিরপুর বাঙলা কলেজ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেন। শবে বরাতের রাতে সাভারে ওই কথিত গণপিটুনির ঘটনায় বেঁচে যাওয়া আল-আমিনের বাবা হবি ব্যাপারী সমাবেশে বলেন, ‘ছাত্র হত্যার সঙ্গে জড়িতরা আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে আল-আমিনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে পারছি না।’ তাঁর অভিযোগ, ঘটনার মূল নায়ক মাদকব্যবসায়ী আবদুল মালেক ঘটনা আড়াল করতে মিথ্যা মামলা করেছেন।নিহত ইব্রাহিম খলিলের চাচা হাফিজুর রহমান বলেন, ঘটনার পর থেকেই সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ভূমিকা রহস্যজনক। তাঁকে অপসারণ করা না হলে তাঁরা সঠিক বিচার থেকে বঞ্চিত হবেন।সমাবেশ শেষে নিহত ছাত্রদের স্বজনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক শ শিক্ষার্থী একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন।