বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাব ও পুলিশের তিন কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে ছাত্রলীগের হাজারীবাগ থানা শাখার সভাপতি আরজু মিয়াকে অপহরণের পর গুলি করে হত্যার অভিযোগ আমলে নিয়ে বিষয়টি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন।

এর আগে গত রোববার নিহত আরজুর ভাই মাসুদ রানা এ অভিযোগে একটি নালিশি মামলা করলে আদালত তাঁর জবানবন্দি নিয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানান।

মামলার আরজিতে অভিযোগ করা হয়, ১৭ আগস্ট হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়াকে অপহরণ করে নিয়ে যায় র‍্যাব। তাঁকে হত্যা করে সিকদার মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে লাশ ফেলে রাখা হয়। র‍্যাব ১৯ আগস্ট সংবাদ সম্মেলন করে বলেন, আরজু বন্দুকযুদ্ধে মারা গেছেন।

অভিযোগে আরও বলা হয়, ১৭ ও ১৮ আগস্ট ঘটনাস্থলে কোনো বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেনি। আসামিরা পরিকল্পিতভাবে আরজুকে তুলে নিয়ে যায় এবং হত্যা করে লাশ ফেলে রাখে।

মাসুদ রানা ওই দিন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই আরজু মিয়াকে অপহরণ ও হত্যার অভিযোগে তিনি আজ সকালে আদালতে নালিশি মামলাটি করেছেন। আসামিরা হলেন, র‍্যাব-২ এর পরিচালক মাসুদ রানা, ডিএডি শাহিদুর রহমান, পুলিশের পরিদর্শক ওয়াহিদ ও র‍্যাবের সোর্স রতন।

রাজধানীর হাজারীবাগে চুরির অভিযোগে এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় আটক থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া গত ১৭ আগস্ট ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় বলে দাবি করে র‍্যাব।

আরও পড়ুন: