বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর মান্দা থানা পুলিশের হেফাজতে ২০০৬ সালে নিহত উপজেলার কালিগ্রামের যুবক মনোয়ারুল ইসলাম ওরফে সাগরের হত্যা মামলাটি বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নওগাঁর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ গত রোববার এ নির্দেশ দেন। এ ঘটনা দায়ের হওয়া মামলার আসামিরা হলেন, মান্দা ও পোরশা থানার তর‌্যাকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান ও আনিসুর রহমান এবং মান্দা থানার তর‌্যাকালীন উপপরিদর্শক (এসআই) তোফাজ্জেল হোসেন, শাকিল আহম্মেদ, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকির‌্যাসা কর্মকর্তা আইয়ুব আলী, স্বাস্থ্য সহকারী নাজমুল হক, ওয়ার্ডবয় গুলজার হোসেন ও নৈশপ্রহরী আবদুর রব।২০০৬ সালের ৭ সেপ্টেম্বর ভোরে নওগাঁর মান্দা থানা পুলিশ উপজেলার চৌবাড়িয়া পশুর হাটে খুনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাগরকে গ্রেপ্তার করে। একদিন পর পুলিশ হেফাজতেই সাগরের মৃত্যু হয়। মান্দা থানার পুলিশ একজন ম্যাজিস্ট্রেটকে দিয়ে নিহত ব্যক্তির স্বজনদের অনুপস্থিতিতে তড়িঘড়ি করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এতে বলা হয়, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাগরের মৃত্যু হয়েছে। পরিবার ও এলাকাবাসীর প্রতিবাদের মুখে পুলিশ একই ম্যাজিস্ট্রেটকে দিয়ে মৃতদেহের দ্বিতীয় দফা সুরতহাল প্রতিবেদন তৈরি করায়। এই প্রতিবেদনে নিহত ব্যক্তির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ও একটি পা ভাঙা রয়েছে বলে উল্লেখ করা হয়। কিন্তু পরবর্তী সময়ে পুলিশের বিরুদ্ধে হত্যাকাণ্ডের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে। এ অবস্থায় নিহত ব্যক্তির মা মর্জিনা নওগাঁর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মরদেহের পুনরায় ময়নাতদন্তসহ বিচার বিভাগীয় তদন্তের দাবি করে মামলা করলেও আদালত আবেদনটি বিবেচনায় নেননি। পরে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। মর্জিনা দুই দফায় এর বিরুদ্ধে নারাজির আবেদন করেও প্রতিকার পাননি। পরে ২০০৮ সালের ৭ জানুয়ারি তিনি নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে একটি ফৌজদারি আপিলের মামলা করেন। গত রোববার ওই মামলার শুনানি শেষে আদালতের বিচারক হোসেন শহীদ আহমেদ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।