বিচার বিভাগে এগিয়ে যাচ্ছেন নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৭ জন নারী, যা মোট নিয়োগের প্রায় অর্ধেক। পাশাপাশি মেধাতালিকায় প্রথম থেকে ষষ্ঠ স্থান (তৃতীয় স্থান বাদে) পর্যন্তও নারীরা জায়গা করে নিয়েছেন।
শিক্ষাবিদ ও আইনজীবীরা বলছেন, সুযোগ পেলে নারীরা যোগ্যতার প্রমাণ রাখছেন। বিচার বিভাগে নারীদের এমন সাফল্যই এর প্রমাণ। নারীদের এই অগ্রগতিকে ধরে রাখতে নারীবান্ধব কর্মপরিবেশ ও পুরুষতান্ত্রিক মানসিকতার পরিবর্তন দরকার।
৮ জানুয়ারি জুডিশিয়াল সার্ভিস কমিশন নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এতে দেখা যায়, সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মোট ৭৯ জন। এর মধ্যে ৩৭ জনই নারী। মেধাতালিকাতেও তাঁদের সাফল্য উল্লেখযোগ্য—প্রথম ১০ জনের মধ্যে ছয়জনই নারী। পাশাপাশি মেধাক্রমে নিয়োগ পাওয়া ৫৯ জনের মধ্যে ৩১ জনই মেয়ে।
সাফল্যের কারণ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান বোরহান উদ্দিন খান বলেন, মেয়েরা পড়াশোনায় অপেক্ষাকৃত বেশি মনোযোগী ও নিয়মিত। তা ছাড়া চেষ্টা আর অধ্যবসায় তো আছেই।
কর্মক্ষেত্রে শুধু অংশগ্রহণ নয়, মেয়েরা এখন ভালো করছে উল্লেখ করে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, মেয়েরা সুযোগ পেলে কত দূর এগিয়ে যেতে পারে, এটা তার প্রমাণ। তিনি আরও বলেন, শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য সরকারের বিনিয়োগের ফল পাচ্ছে দেশ। এখন দরকার মেয়েদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা।
জজ হিসেবে নিয়োগ পাওয়া নারীদের কারও ইচ্ছা সুপ্রিম কোর্টের বিচারক হওয়া, কেউ চান সমাজের বিচারপ্রার্থী দরিদ্র ও দুর্বল মানুষের পাশে দাঁড়াতে, আবার কেউ স্বপ্ন বুনতে চান পশ্চাদ্গামী মেয়েদের মনে।
নবম বিজেএসে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছেন শেরপুরের নকলা উপজেলার ভোটকান্দি গ্রামের মেয়ে এলিছ জাহান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই মেয়ে ছোটবেলা থেকে দেখেছেন গ্রামের মানুষের নানা দুর্ভোগ। তাই যেকোনোভাবে তিনি তাঁদের পাশে থাকতে চান। এই পেশায় সর্বোচ্চ অবস্থানে নিজেকে দেখতে চান মেধাতালিকায় চতুর্থ হওয়া জয়পুরহাটের মেয়ে মেহেরা মাহাবুব। পরিবারের, বিশেষ করে বোনদের সহযোগিতা পেয়েছেন বলে স্বপ্নপূরণ অনেকটাই সহজ হয়েছে বলে জানান নাফিউ আক্তার। নাফিউয়ের মা লুৎফুন্নাহার বেগম বলেন, ‘মেয়েদের একটু উৎসাহ দিলে, সহযোগিতা করলে তারা অনেক দূর যেতে পারে, সব জয় করতে পারে।’
নারীদের এ অর্জনের পথ খুব একটা সহজ ছিল না। পড়াশোনার জন্য গ্রাম থেকে এসে শহরে খাপ খাওয়াতেই অনেকের বড় সময় কেটে গেছে। কারও কারও পড়াশোনা করতে ঢাকায় আসতেও পরিবারের সঙ্গে সংগ্রাম করতে হয়েছে। অনেকে একা চলতে গিয়ে উত্ত্যক্ততার শিকার হয়েছেন। মেহেরা মাহাবুব বলেন, ‘আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা ছিল বাড়ি ছেড়ে একা থাকা।’ জজ হিসেবে নিয়োগ পাওয়া অনেক নারীকে সন্তান সামলে নিতে হয়েছে প্রস্তুতি।
মানবাধিকার কর্মী ও আইনজীবী সুলতানা কামাল প্রথম আলোকে বলেন, পেশাগত ক্ষেত্রে নারীকে সারাক্ষণই যোগ্যতার পরীক্ষা দিয়ে যেতে হয়। কোনো ভুল হলে নারী হওয়ার কারণে এমন হয়েছে বলে কথা শুনতে হয়। বাড়িতেও সমানভাবে নারীকে একধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।