নিম্ন আদালতের কার্যক্রম আকস্মিক পরিদর্শনে প্রধান বিচারপতি
বিচার বিভাগে দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না

বিচার বিভাগে কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল সোমবার ঢাকার নিম্ন আদালতের কার্যক্রম আকস্মিক পরিদর্শন শেষে ঢাকা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান বিচারপতি এ কথা বলেন।
সভায় প্রধান বিচারপতি আদালত সম্পর্কে বলেন, ‘কিছু অনিয়ম পেয়েছি। কিন্তু এগুলো আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ ব্যাপারে কিছু বলব না।’
প্রধান বিচারপতি বলেন, তাঁর আসার বিষয়টি নিজের নিরাপত্তাকর্মীকেও জানাননি। তিনি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় যান। সেখানকার পরিস্থিতি দেখে মর্মাহত হয়েছেন বলে জানান।
প্রধান বিচারপতি বলেন, ‘মহিলাদের হাজতখানায় চারজন মহিলা ছিলেন। তাদের সঙ্গে চারটি শিশু ছিল। আমি দায়িত্বপ্রাপ্তদের জিজ্ঞেস করেছি, শিশুগুলো অপরাধী কি না, তাহলে এ শিশুরা অপরাধী না হয়েও হাজতখানায় কেন?’ তিনি বলেন, ‘এসব শিশু ভবিষ্যতে প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এমনকি রাষ্ট্রপতিও হতে পারে। তাই আমি সুপারিশ করব, হাজতখানার অপরাধীদের সঙ্গে যেন তারাও অপরাধী না হয়ে যায়। তাদের জন্য আলাদা পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।’
প্রধান বিচারপতি বলেন, ‘রাজধানীতে যে কোর্ট থাকবে তা আমরা বাইরে উদাহরণ হিসেবে দেখিয়ে দেব। এ কোর্টগুলো দৃষ্টান্ত হবে। এখানে চুল পরিমাণ দুর্নীতির প্রশ্রয় দিতে দেব না।’
ক্রসফায়ার সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘বিচার বিভাগীয় হত্যাকাণ্ডের বিষয়ে আমি অফিশিয়ালি কিছু জানি না। পত্রিকার কোনো রিপোর্ট দেখে আমি বিচার করি না।’
সভায় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, হাইকোর্টের রেজিস্ট্রার দিলজার হোসেন, প্রধান বিচারপতির বিশেষ অফিসার সাব্বির ফয়েজ, ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমান, মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আইয়ুব রহমান।
গতকাল সকালে প্রথমে ঢাকার মুখ্য মহানগর হাকিম, পরে মুখ্য বিচারিক হাকিম আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি। পরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের এজলাসে বসে বিচার কার্যক্রম পর্যবেক্ষণ করেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. রুহুল আমিনের পাশে বসেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতি দায়রা জজ আদালতের দৈনিক কার্যতালিকা দেখে কিছু মামলার নম্বর নিজেই হাতে লিখে নেন। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তিনি এজলাসে ছিলেন। এরপর এজলাস থেকে নেমে যান। বেলা ৩টায় ঢাকা আইনজীবী সমিতির সম্মেলন কক্ষে আইনজীবী নেতাসহ সাধারণ আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এরপর প্রধান বিচারপতি নিম্ন আদালতের বিচারকদের সঙ্গে বৈঠক করেন।