বিচার বিভাগে দ্বৈত শাসনের বিরুদ্ধে বিচারকদের উষ্মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের ঘরোয়া অধিবেশনে অংশ নেওয়া বিচারকেরা বিচার বিভাগে দ্বৈত শাসন বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন। সম্মেলন সূত্রে জানা গেছে, ঘন ঘন বদলি বন্ধ, ছুটি ইত্যাদি বিষয়ে তাঁরা তাঁদের সমস্যা, ভাবনা ও পরামর্শ সরাসরি তুলে ধরতে প্রধান বিচারপতি এবং আইন ও বিচারমন্ত্রীর যৌথ উপস্থিতিতে মাসিক গণশুনানির ব্যবস্থা চালুর প্রস্তাবও দিয়েছেন। বিচারকদের পক্ষ থেকে এ ধরনের প্রস্তাব এই প্রথম।
বিচারকেরা পদোন্নতি দিয়ে বর্ধিত স্কেলে বেতন না দেওয়া, হাইকোর্টের বিচারক নিয়োগে জেলা জজদের কোটা পূরণ না হওয়া, সরকারের অন্যান্য সার্ভিসের তুলনায় বিচারকদের কম সুবিধা দেওয়া এবং বিশেষ করে সরকারের অন্যান্য শাখার তুলনায় গাড়ি সুবিধালাভে বঞ্চনার অবসানে কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করেছেন। আবার সরকারের বিভিন্ন প্রশাসনিক পদে প্রেষণে থাকা কর্মকর্তাদের পক্ষে এই আশাবাদ ব্যক্ত করা হয়েছে যে, তাঁদের পদোন্নতির ক্ষেত্রে যাতে বিচারিক পদে থাকার ন্যূনতম মেয়াদের শর্ত আরও শিথিল করা হয়।
দ্বিতীয় অধিবেশনে প্রধান বিচারপতি এস কে সিনহাসহ আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। গতকালের সম্মেলনে ১ হাজার ৩৫০ জন বিচারক যোগ দেন।
উল্লেখ্য, সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের বদলি, ছুটি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব সরকারের। তাদের নেওয়া উদ্যোগ ও প্রস্তাব সুপ্রিম কোর্টের পরামর্শ সাপেক্ষে কার্যকর হয়। প্রধান বিচারপতি এই ব্যবস্থাকে বলেছেন দ্বৈত শাসন। গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে বিচারকদের বক্তৃতায় দ্বৈত শাসন কী ধরনের সমস্যা তৈরি করেছে, তা তুলে ধরা হয়।
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য গোলাম মর্তুজা বিচারকদের ‘ভাবনা, পরামর্শ ও সমস্যার’ কথা কর্তৃপক্ষের কাছে সরাসরি পেশ করার জন্য প্রতি মাসে এক দিন গণশুনানির জন্য নির্ধারণের প্রস্তাব করেন। বিচারকেরা করতালি দিয়ে এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।
এই অধিবেশনে বিচারকদের ছেলেমেয়েদের পরীক্ষা ও ভর্তির কথা বিবেচনায় বছর শেষে একবার বদলি ব্যবস্থা চালু করা, হাইকোর্টের বিচারপতিদের কোটা জেলা জজদের থেকে ৫০ শতাংশ পূরণ করা, পৃথক্করণের দীর্ঘ নয় বছরেও ম্যাজিস্ট্রেসির জন্য পৃথক ভবন নির্মিত না হওয়ার কারণে বিচারকদের এজলাস ভাগাভাগি করে আদালত চালাতে বাধ্য হওয়া, দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি করতে সহকারী জজদের স্টেনোগ্রাফার দেওয়া, পদোন্নতিমূলে পদায়নের বিষয়ে সুপ্রিম কোর্টের পরামর্শ সত্ত্বেও অনেকের ক্ষেত্রে সরকারি আদেশ (জিও) জারি না করা, আপিল বিভাগ ও পে-কমিশনের সুপারিশমতে বিচারকদের মূল বেতনের ৩০ শতাংশ ভাতার হার ২০১৬ সালের নতুন স্কেলে অগ্রাহ্য করা, অন্য সার্ভিসের তৃতীয় গ্রেডের কর্মকর্তাদের জন্য গাড়ি থাকলেও দ্বিতীয় গ্রেডের কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা জজদের গাড়িসুবিধা না পাওয়া, জেলা জজদের ডোমেস্টিক এইড ভাতা রহিতকরণ, জ্যেষ্ঠদের জিও জারি স্থগিত রেখে কনিষ্ঠ কর্মকর্তাদের পদোন্নতির আদেশ জারির ‘নজিরবিহীন ইতিহাস সৃষ্টি’ করার মতো ঘটনার প্রতিকার দাবি করা হয়। তাঁরা অন্যান্য সার্ভিসের মতো দাপ্তরিক কাজে ঢাকায় এলে বিচারকেরা যাতে নিরাপদে রাত্রিযাপন করতে পারেন, সে জন্য গেস্টহাউস নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
সিলেটের জেলা জজ মনির আহমেদ পাটোয়ারি মাসদার হোসেন মামলার ১২ দফা নির্দেশনা পুরোপুরি বাস্তবায়নের দাবি জানান। ঢাকার জেলা জজ কুদ্দুস জামান প্রায় ৩০ লাখ মামলা বিচারাধীন থাকার দিকে ইঙ্গিত করে বলেন, প্রতিকার চাইলে মধ্যস্থতা ব্যবস্থা চালু করতে হবে। নির্বাচন কমিশনের আইন সেলের প্রধান জ্যেষ্ঠ জেলা জজ শাহজাহান সাজু প্রধানমন্ত্রী উপস্থিত থাকলে সম্মেলন আরও ফলপ্রসূ হতো বলে মন্তব্য করেন।
প্রাধিকারপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের সুদমুক্ত বিশেষ অগ্রিম এবং গাড়িসেবা নগদায়ন নীতিমালা, ২০১৪ অনুযায়ী সরকারের যুগ্ম সচিব ও ইকোনমিক ক্যাডারের যুগ্ম প্রধান পর্যন্ত এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক যুগ্ম সচিব (ড্রাফটিং) থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুদমুক্ত ২৫ লাখ টাকা বিশেষ অগ্রিম এবং গাড়ি রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে দেওয়া হয়। কিন্তু বিচারকদের কারও জন্যই এ সুবিধা চালু করা হয়নি।
জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তারা পদোন্নতিপ্রাপ্ত হলেও বিদ্যমান বেতন-ভাতাদি আদেশের ১৩ অনুচ্ছেদের কারণে অধিকাংশ ক্ষেত্রে পদোন্নতিপ্রাপ্ত পদের বেতন পাচ্ছেন না। পদোন্নতির পরেও অতিরিক্ত জেলা জজরা যুগ্ম জেলা জজের এবং যুগ্ম জেলা জজরা সিনিয়র সহকারী জজের বেতন নিতে বাধ্য হন। এ ক্ষেত্রে অতিরিক্ত জেলা জজরা প্রতি মাসে কমপক্ষে ১৫ হাজার টাকা করে বেতন কম পাচ্ছেন। এ ছাড়া সহকারী জজ ও যুগ্ম জেলা জজ পর্যায়ের কর্মকর্তারাও সব পূর্বশর্ত পূরণ করে পদোন্নতিপ্রাপ্ত হওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট পদের বেতন পাচ্ছেন না। তাঁদের পূর্ববর্তী নিম্ন পদের বেতন নিতে হচ্ছে।