বিচার বিভাগে ১২ জনের বদলি
জেলা ও দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম মহানগর দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ১২ জনকে বদলি করা হয়েছে।
সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে এই বদলি করা হয়েছে বলে গতকাল সোমবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় বিশেষ জজ মো. নুরুল ইসলামকে কুমিল্লার জেলা ও দায়রা জজ, চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. শফিকুল করিমকে নরসিংদীর জেলা ও দায়রা জজ, মাদারীপুরের জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র শিকদারকে পটুয়াখালীর জেলা ও দায়রা জজ, নীলফামারীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মিঞা মো. আলী আকবর আজিজীকে মৌলভীবাজারের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক এবং নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ টি এম আলী আজমকে চট্টগ্রামের দ্বিতীয় শ্রম আদালতের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।
অতিরিক্ত জেলা ও দায়রা জজদের মধ্যে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরীকে বরগুনার মুখ্য বিচারিক হাকিম, ভোলার অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আকতার উল আলমকে জয়পুরহাটের মুখ্য বিচারিক হাকিম হিসেবে বদলি করা হয়েছে। তিনজন যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। এঁদের মধ্যে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মোসতাক আহমেদকে শেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের (ডেসা) বিশেষ হাকিম মো. জাকির হোসেনকে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সোলায়মানকে ভোলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন দেওয়া হয়েছে।
বদলিকৃত দুজন যুগ্ম মহানগর দায়রা জজ ও সমপর্যায়ের কর্মকর্তার মধ্যে চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মো. বজলুর রহমানকে মুন্সিগঞ্জের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং লালমনিরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মো. জাহিদুল হককে কুড়িগ্রামের যুগ্ম জেলা ও দায়রা জজ পদে বদলি করা হয়েছে। বিজ্ঞপ্তি।