বিচার বিভাগের অধীনে আলাদা পুলিশ সার্ভিস, তদন্ত সেলের দাবি
বিচার বিভাগের অধীনে আলাদা পুলিশ সার্ভিস ও তদন্ত সেল গঠনের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। গতকাল রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে প্রধান বিচারপতির হেয়ার রোডের বাসভবনে ককটেল ছোড়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। জ্যেষ্ঠ আইনজীবীরা এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা। তিনি এতে বলেন, এ ককটেল ছোড়ার ঘটনা পুরো বিচার বিভাগ, বিচারক, বিচারপ্রার্থী ও আইনজীবীদের জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনা ও বিচারাধীন ফৌজদারি মামলা দ্রুত তদন্তের স্বার্থে এবং প্রকৃত অপরাধীদের বিচারের কাঠগড়ায় আনতে বিচার বিভাগের অধীনে আলাদা পুলিশ বাহিনী ও তদন্ত সেল গঠন এখন সময়ের দাবি।সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো মহল যেন রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা না করে এবং সরকারের কোনো মন্ত্রী বা দায়িত্বশীল কোনো মহল যেন ‘সাধারণ মানুষকে বিভ্রান্ত না করে’, সে আহ্বানও জানানো হয় সংবাদ সম্মেলনে।এম বদরুদ্দোজা দাবি করেন, দুজন বিচারপতির শপথ গ্রহণের প্রতিবাদে আইনজীবীরা যখন আন্দোলন করছেন, সে মুহূর্তে এই ককটেল নিক্ষেপের ঘটনার মাধ্যমে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রফিকুল ইসলাম মিয়া, মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক মোরশেদ আল মামুন, গোলাম মো. চৌধুরী, ফাহিমা নাসরিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।বোমা হামলার নিন্দা-প্রতিবাদবাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ, ঢাকা আইনজীবী সমিতি ও ঢাকার বৃহত্তর ফরিদপুর আইনজীবী কল্যাণ সমিতি পৃথক বিবৃতিতে প্রধান বিচারপতির বাসভবনে ককটেল ছোড়ার ঘটনার তীব্র নিন্দা করে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা আইনজীবী সমিতি প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বের করবে।