বিচার বিভাগের কাছে জনগণের প্রত্যাশা বেশি: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিচার বিভাগ জাতীয় উন্নয়নের মাইলফলক। জনগণের প্রত্যাশা বিচার বিভাগের কাছে বেশি। বিচার কাজের মাধ্যমে বিচারকদের জনগণের সে প্রত্যাশা সমুন্নত রাখতে হবে।
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় রাষ্ট্রপতি এ কথা বলেন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের সদস্য জ্যেষ্ঠ জেলা জজ মো. গোলাম মর্তুজা মজুমদার প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিবেরা। দেশের নিম্ন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তারা এ সম্মেলনে অংশ নেন।
রাষ্ট্রপতি বলেন, ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। কিন্তু নানা কারণে জনগণ সে মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকে। মানুষের শেষ ভরসার স্থল বিচার বিভাগ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা-মোকদ্দমার যুক্তিতর্ক সম্পন্ন করার বিষয়ে তাগিদ দেন তিনি। বিচার বিভাগকে শাসন বিভাগের অপরিহার্য কাঠামো উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বিচারকার্যের মাধ্যমে বিচার বিভাগ গণতন্ত্রকে এগিয়ে নিচ্ছে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাষ্ট্রপতি বিচারকদের জাতির বিবেক হিসেবে উল্লেখ করেন। তাই বিচারকেরা সংবিধান ও আইনের প্রতি অবিচল আস্থা এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলে রাষ্ট্রপতি প্রত্যাশা করেন। তিনি বলেন, বিচার বিভাগের গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে বিলম্বে বিচার ও মামলা জট। এসব সমস্যার সমাধান করতে হবে। ন্যায়বিচার প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। দায়িত্ব পালনে নিরপেক্ষ থেকে আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারকেরা সর্বোচ্চ আন্তরিক হবেন, জনগণ তা প্রত্যাশা করে।
রাষ্ট্রপতি বলেন, একটি আবেদনের শুনানি শেষ হওয়ার পর বা মোকদ্দমার যুক্তিতর্ক শুনানির পর আদেশ লাভে যাতে বিলম্ব না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এতে বিচার বিভাগের প্রতি যেমন জনগণের আস্থা বৃদ্ধি পাবে, তেমনি বিচারকরাও বিবেকের নিকট স্বচ্ছ থাকবেন। রাষ্ট্রপতি বলেন, ‘জাস্টিস ডিলেইড, জাস্টিস ডিনাইড’—এ নীতিবাক্য আমাদের বিচারব্যবস্থায় প্রচলিত থাকুক, আমরা তা আর চাই না। তিনি উচ্চ আদালতের কার্যক্রম ডিজিটালাইজেশন কার্যক্রমের প্রশংসা করেন। অনলাইনে জামিন আদেশ নিশ্চিত করাকে জনদুর্ভোগ কমাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
বিচারক ও মামলার সংখ্যায় ভারসাম্য আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, বিচার কার্যে কাঙ্ক্ষিত গতি আনার জন্য পর্যাপ্ত বিচারকক্ষ, বিচারকের শূন্যপদে নিয়োগ এবং বিচারক ও মোকদ্দমার সংখ্যায় যুক্তিসংগত ভারসাম্য রক্ষা করা আবশ্যক। তিনি বলেন, মামলা পরিচালনায় আইনজীবীদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই অহেতুক বিলম্ব বা অত্যধিক আর্থিক চাপের কারণে বিচার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এবং বিচারপ্রার্থীরা যাতে ন্যায়বিচার পায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে ২০০৫ সালের ১৪ নভেম্বর বোমা হামলায় নিহত ঝালকাঠি জেলা ও দায়রা আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ জগন্নাথ পাঁড়ে ও মো. সোহেল আহমেদের পরিবারকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়। রাষ্ট্রপতি নিহত দুই বিচারকের স্ত্রীর হাতে পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন। বাসস