প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, ‘সুপ্রিম কোর্টের রায়ের আলোকে জুডিশিয়ারি সেপারেশন (বিচার বিভাগের পৃথক্করণ) করেছি। প্রত্যাশা ছিল, সংবিধানের ১১৬ নম্বর ধারা আগের অবস্থায় ফিরে আসবে। আমরা চেয়েছিলাম, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা। আমরা পঞ্চম সংশোধনী রায় দিয়ে সাংবিধানিক দায়িত্ব পালন করেছি।’গাজীপুরে গত বৃহস্পতিবার দুপুরে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. শহিদুজ্জামান। বক্তব্য দেন জেলা ও দায়রা জজ তানজিনা ইসমাইল, সরকারি কৌঁসুলি নূরুল আমিন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সামসুল আলম প্রধান প্রমুখ।এর আগে দুপুর ১২টার দিকে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন জেলা আদালত কক্ষ, মালখানা (গারদখানা), নকলখানা ও বিচারিক কার্যক্রম পরিদর্শন করেন।মামলার দীর্ঘসূত্রতা সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ট্রায়াল কোর্টের পুরোনো মামলা অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিচারক ও আইনজীবীদের নিষ্ঠার সঙ্গে একযোগে কাজ করতে হবে। এতে মামলা সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হবে। বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমবে।এদিকে গাজীপুর সার্কিট হাউসে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন সাংসদ আ ক ম মোজাম্মেল হক ও জাহিদ আহসান, জেলা প্রশাসক নুরুল ইসলাম, পুলিশ সুপার আবদুল বাতেন প্রমুখ।