বিচার বিভাগের বিষোদগার করলেন বিএনপি নেতারা
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার এক আলোচনা সভায় বিচার বিভাগের বিষোদগার করলেন বিএনপির নেতারা।জাতীয় প্রেসক্লাবে ‘বিপন্ন মানবাধিকার: প্রতিশ্রুতি ও বাস্তবতা’ শীর্ষক এ আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহমুদুর রহমান বলেন, যে আদালত জনগণের অধিকার রক্ষা করতে পারে না, সেই আদালতকে ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, এখন আদালত নিয়ে কথা বলার সময় এসেছে। অথচ সবাই আদালত অবমাননার ভয়ে চুপ হয়ে রয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বিচার বিভাগের সমালোচনা করে বলেন, বিচার বিভাগ ধ্বংস হয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলা খারিজ করে দেওয়ায় বোঝা যায়, বিচার বিভাগ এখন স্বাধীন নয়। সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ বলেন, শাসকদলের ছাত্রসংগঠন বেপরোয়া হয়ে গেছে।হিউম্যান রাইটস অ্যাডভোকেসি কাউন্সিল আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসির উদ্দিন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও সাংসদ শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।