বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগ নিয়ে গতকাল মঙ্গলবার আয়োজিত এক আলোচনা সভার বেশির ভাগ বক্তা আপিল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, বিচারপতি শামসুদ্দিন যেভাবে প্রধান বিচারপতি সম্পর্কে গণমাধ্যমে মন্তব্য করছেন, তাতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
‘বিচার বিভাগের স্বাধীনতা ও বিরাজমান পরিস্থিতি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে গতকাল বিকেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদূল আমীন চৌধুরী। তিনি বিচারপতি শামসুদ্দিনের নাম উল্লেখ না করে বলেন, ‘এই জজ সাহেবকে নিয়ে পার্লামেন্টে আলোচনা হয়েছিল। তখন এক রাজনীতিক তাঁকে স্যাডিস্ট (যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে আনন্দ পায়) বলেছিলেন। এখন তাঁর কর্মকাণ্ড দেখে সেটা প্রমাণ হচ্ছে। কিন্তু তিনি স্যাডিস্ট হলে তাঁকে কীভাবে আপিল বিভাগে জজ নিয়োগ দিলেন?...প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বললে কি তাঁর (বিচারপতি শামসুদ্দিন) মর্যাদা বাড়বে? তিনি বিচার বিভাগ ও সুপ্রিম কোর্টের সর্বনাশ করছেন।’
‘বিচার বিভাগ ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে’ বলে মন্তব্য করে মাহমুদূল আমীন চৌধুরী আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান প্রধান বিচারপতি বিচার বিভাগকে সঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনাদের তাঁকে সমর্থন করে সাহায্য করা উচিত।’
অবসরে যাওয়ার পর রায় লেখা নিয়ে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে মাহমুদূল আমীন চৌধুরী বলেন, ‘আমি মনে করি না অবসরের পর রায় লেখা বেআইনি।’ পদ্ধতিগত কারণে আপিল বিভাগের রায়ে দেরি হতে পারে উল্লেখ করে তিনি বলেন, তবে সেটা যৌক্তিক সময়, যেমন এক মাসের মধ্যে হতে পারে। কিছুতেই এক-দেড় বছর হতে পারে না। আর অবশ্যই পূর্ণাঙ্গ রায়ে আদেশের অংশ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। সেটা করতে গেলে পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন ও শুনানি হতে হবে। কিন্তু তা না করেই যদি রাতের অন্ধকারে, এক-দেড় বছর পর রায় পরিবর্তন করে ফেলেন, তাহলে সেটা ফৌজদারি অপরাধ।
সাবেক এই প্রধান বিচারপতি বলেন, সরকারি কৌঁসুলিদের দায়িত্ব হলো আদালতকে সাহায্য করা, আসামিকে কারাগারে রাখা নয়। হাইকোর্ট বা ট্রাইব্যুনালে রায় হওয়ার পর দেখা যায়, সরকারপক্ষ বলছে তারা ন্যায়বিচার পেয়েছে। আর আসামিপক্ষ বলে তারা ন্যায়বিচার পায়নি, উচ্চ আদালতে আপিল করবে। তাহলে মানুষ তো মনে করবে বিচারকেরা রায় দিতে পারেন না। তিনি প্রস্তাবিত নাগরিকত্ব আইনের সমালোচনা করে বলেন, এই আইনবলে সরকার যেকোনো ব্যক্তির নাগরিকত্ব বাতিল করতে পারবে। এটা ভীষণ বিপজ্জনক।
হাইকোর্ট থেকে সদ্য অবসরে যাওয়া বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জরুরি ভিত্তিতে উচ্চ আদালতে বিচারক নিয়োগে নীতিমালা দরকার। তিনি বলেন, নিমগাছ থেকে কোনো দিন ফজলি আম হবে না। বিচারপতি নিয়োগের জন্য অবশ্যই নীতিমালা লাগবে। এ জন্য সবাইকে ঐকমত্য তৈরি করতে হবে, প্রয়োজনে আন্দোলন গড়ে তুলতে হবে। ঠিকমতো বিচারক নিয়োগ দিলে এখনকার মতো পরিস্থিতি সৃষ্টি হবে না।
আইনজীবীদের মধ্যে দলীয় পরিচয় ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে মন্তব্য করে সংবিধানপ্রণেতাদের অন্যতম ড. কামাল হোসেন বলেন, ‘আমিও এককালে বড় দল করেছি, মন্ত্রী হয়েছি, কিন্তু সুপ্রিম কোর্টে কোনো দিন দলীয় পরিচয় দিইনি।...আমরা মানুষের শ্রদ্ধা হারাচ্ছি, সেটা পুনরুদ্ধার করতে হবে।’
যেসব আইনজীবী দলীয় আনুগত্যের মাধ্যমে সরকারি কৌঁসুলি বা বিচারক হতে চান, তাঁদের বিষয়ে বিস্ময় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। তিনি বলেন, ‘কিছু পাওয়ার, খাওয়ার বা খাওয়ানোর জন্য দালাল হয়ে যাবে?...দলীয় পরিচয় নিয়ে কি আমরা অমানুষ হতে চাই?’
আইনজীবীদের ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে ড. কামাল বলেন, ‘একদিন আপিল বিভাগে গিয়ে শুনি সৈয়দ ইশতিয়াক আহমেদ, বর্তমান আইনমন্ত্রী আনিসুল হকের বাবা সিরাজুল হকসহ ১৩ জন সিনিয়র আইনজীবীকে পুলিশ ধরে নিয়ে গেছে। আইনজীবীরা এক হয়ে তাঁদের নাজিমুদ্দিন রোড থেকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন।...আইনমন্ত্রীকে বলছি, তোমার পিতাকে কেন জেলে যেতে হয়েছিল? উনি দালালি করেননি বলে জেলে যেতে হয়েছিল।’
বক্তব্যের শেষ পর্যায়ে ড. কামাল বলেন, ‘যারা রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে অসুস্থ হয়ে আছে, আর যারা তাঁদের ভক্ত হয়ে অসুস্থ হয়ে আছে, আমরা তাঁদের সুস্থতা কামনা করি।’
সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুদৃঢ় নয়, বিরাজমান পরিস্থিতি বিব্রতকর। তিনি বলেন, ‘শিশু আবদুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মোতাহার র্যা বের ক্রসফায়ারে নিহত হওয়ায় টিভিতে দেখলাম এলাকাবাসী উল্লাস করছে, মিষ্টি খাচ্ছে এবং বলছে ন্যায়বিচার হয়েছে। তাহলে আমাদের অবস্থা কোথায়? মানুষ মনে করছে এটাই বিচার। জনগণকে এটা মনে করাতে আমরা বাধ্য করেছি।’
শাহদীন মালিক বলেন, ‘গ্রামে-উপজেলায় দেওয়ানি বিচার হয় থানায়, আর ফৌজদারি বিচার হয় ক্রসফায়ারে।’ তিনি বলেন, আইনজীবীদের ওপর বিচারপ্রার্থীদের আস্থা চলে যাচ্ছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন শুধু নিজের দলের কথাই বলছেন। কেউ বিচারপ্রার্থীদের কথা বলছেন না। ন্যায়বিচার না থাকলে সমাজ থাকে না, দেশ ধ্বংস হয়ে যায়। তাঁর মতে, সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে বাহাত্তরের সংবিধানের ষষ্ঠ অধ্যায় ফিরিয়ে আনতে হবে।
সুপ্রিম কোর্টের আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, ‘এক সপ্তাহ ধরে যা চলছে—সদ্য অবসরপ্রাপ্ত এক বিচারপতি আমতলা, গাছতলায় প্রধান বিচারপতি সম্পর্কে যেসব বক্তব্য দেন, তাতেই বোঝা যায় আমরা কোথায় আছি।’
আলোচনা সভায় লিখিত প্রবন্ধ পাঠ করেন আইনজীবী জাহিদুল বারি। তিনি বলেন, বিচারপতিরা যেভাবে গণমাধ্যমে প্রকাশ্যে বিবাদে বাগ্বিতণ্ডায় লিপ্ত হচ্ছেন, তাতে বিচার বিভাগের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
আইনজীবী জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনায় আরও বক্তব্য দেন জাতীয় আইনজীবী সমিতির সভাপতি এস এম খসরুজ্জামান, এ বি এম ওয়ালিউর রহমান খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু ইয়াহিয়া।